পেঁয়াজের দাম কমায় ক্রেতার স্বস্তি ফিরেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি
ফাইল ছবি

বনশ্রীর সি-ব্লকের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে প্রতি শুক্রবার অর্ধশতাধিক ভ্যানে করে তরিতরকারি, মাছ ও ফল বিক্রি হয়। আজ জুমার নামাজ শেষে একটি ভ্যান থেকে এই প্রতিবেদক দুই কেজি পেঁয়াজ কেনেন। পাশে থাকা একজন বয়স্ক ব্যক্তি একসঙ্গে কেনেন ১০ কেজি পেঁয়াজ।

‘একসঙ্গে এত পেঁয়াজ কিনলেন?’—জানতে চাইলে তিনি বলেন, ‘দাম আবার কবে বেড়ে যায়, সে জন্য বেশি করে কিনে নিলাম।’ ওই ভ্যানে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছিল ৬০ টাকা কেজি দরে।

পেঁয়াজ কিনতে বাজারে গিয়ে যেসব ক্রেতা ঈদের পর থেকে গলদঘর্ম হয়েছেন, তাঁদের মধ্যে এখন খানিকটা স্বস্তি ফিরেছে। কারণ এরই মধ্যে বাজারে পেঁয়াজের দাম কিছুটা কমে এসেছে।

তিন-চার দিন আগেও যে দেশি পেঁয়াজ কিনতে হয়েছিল ৭০ টাকায়, সেই পেঁয়াজ আজ বাজারে বিক্রি হয়েছে ৬০ থেকে ৬২ টাকায়। আর দুষ্প্রাপ্য ভারতীয় পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ৬৫ টাকা কেজি দরে। এই চার দিন আগেও ৭৫ থেকে ৮০ টাকার নিচে এই পেঁয়াজ কেনার কথা ভাবতেও পারেননি ক্রেতারা।

ভারত থেকে পেঁয়াজ আমদানি এখন আগের চেয়ে বেড়েছে। মিয়ানমার থেকেও কিছু পেঁয়াজ আমদানি হচ্ছে। আবার সরকারিভাবেও ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পেঁয়াজ আমদানি করছে। এসব কারণে এত দিন দেশি পেঁয়াজ যাঁরা মজুত করে রেখেছিলেন, তাঁরা তা বাজারে ছেড়ে দিয়েছেন। সব মিলিয়ে তাই পেঁয়াজের দাম কমে এসেছে।
রামপুরা বাজারের একজন দোকানি জানালেন, পাইকারদের কাছ থেকে কম দামে পেঁয়াজ কিনতে পারছেন। সে কারণে নিজেরাও কম দামে পেঁয়াজ বিক্রি করছেন।
পেঁয়াজ-রসুন-আদার সবচেয়ে বড় পাইকারি বাজার রাজধানীর শ্যামবাজারে আজ প্রতি কেজি দেশি পেঁয়াজ ৫০ থেকে ৫২ টাকায় বিক্রি হয়েছে। আর ভারত থেকে আমদানি করা পেঁয়াজ বিক্রি হয়েছে মানভেদে ৪৮ থেকে ৫২ টাকায়। তিন-চার দিন আগেও এই দামের চেয়ে তিন থেকে চার টাকা বেশি দামে পাইকারি বাজারে পেঁয়াজ বিক্রি হয়।

টিসিবির পেঁয়াজ ৪৭ টাকা
পেঁয়াজের দাম সহনীয় রাখতে বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে খোলা বাজারে গতকাল বৃহস্পতিবার থেকে কম দামে পেঁয়াজ বিক্রি শুরু করেছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এই পেঁয়াজের কেজি ৪৭ টাকা।
সারা দেশে ১৮৪টি ট্রাকে করে এসব পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। ঢাকায় বিক্রি হচ্ছে ৩৫টি ট্রাকে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত এসব ট্রাকে পেঁয়াজ বিক্রি হচ্ছে।
রাজধানীর প্রেসক্লাব, পলাশী, শান্তিনগর, সচিবালয় গেট, জুরাইন, সেবাহানবাগ, রায়েরবাজার, মিরপুর-১০, কারওয়ান বাজার, রাজউক ভবনের সামনে, ধুপখোলা বাজারসহ ৩৫টি স্থানে এসব পেঁয়াজ বিক্রি করা হচ্ছে।
টিসিবির তথ্য কর্মকর্তা হুমায়ুন কবির প্রথম আলো ডটকমকে বলেন, প্রতিটি ট্রাকে প্রতিদিন ৫০০ কেজি করে পেঁয়াজ বিক্রি হবে। একজন ক্রেতা একসঙ্গে চার কেজি করে পেঁয়াজ কিনতে পারবেন। তবে কোনো কোনো স্থানে একজনের কাছে পাঁচ কেজি পর্যন্ত পেঁয়াজ বিক্রি করা হয়েছে। তিনি বলেন, প্রাথমিকভাবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত পেঁয়াজ বিক্রির জন্য পরিবেশকদের নির্দেশ দেওয়া হয়েছে। তবে বাজার সহনীয় না হওয়া পর্যন্ত এ কার্যক্রম চলবে বলে তিনি জানান।
গত তিন-চার বছরের মধ্যে এবারই প্রথম পেঁয়াজের কেজি ৮০ টাকায় পৌঁছায়। দেশে পেঁয়াজের দাম সহনীয় রাখতে সচিবালয়ে বাণিজ্যসচিব মাহবুব আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে টিসিবির মাধ্যমে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত হয়। এর পরই আমদানির প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নেয় টিসিবি। ভারত ও মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। প্রাথমিকভাবে পাঁচ হাজার টন পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়।