পেঁয়াজের মূল্যবৃদ্ধির সুফল মেলেনি প্রান্তিক চাষিদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেঁয়াজের দাম চড়া হলেও দেশের প্রধান পেঁয়াজ উৎপাদনকারী এলাকা পাবনার সাঁথিয়া ও সুজানগর উপজেলার প্রান্তিক চাষিদের কোনো সুফল মেলেনি। কারণ বেশির ভাগ প্রান্তিক পেঁয়াজচাষি এপ্রিল-মে মাসে জমি থেকে পেঁয়াজ ওঠা মাত্রই একরকম লোকসানেই বাজারে বিক্রি করে দিয়েছেন। তাঁদের সেই পেঁয়াজ এখন মজুতদারের ঘরে।
তবে দুই উপজেলার অনেক সচ্ছল পেঁয়াজচাষি ওই সময় (এপ্রিল-মে) দাম কম দেখে ঘরে পেঁয়াজ রেখে দিয়েছিলেন। এখন ভালো দাম পেয়ে সচ্ছল কৃষকেরাই শুধু নন, মজুতদারেরাও হাটে পেঁয়াজ বিক্রি করতে আনছেন। এতে দুই দিন ধরে হাটে পেঁয়াজের সরবরাহ বেড়ে যাওয়ায় বেড়া-সাঁথিয়ার হাটগুলোতে পেঁয়াজের দাম মণে ১৫০ থেকে ২০০ টাকা কমেছে।
কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, পাবনার সুজানগর ও সাঁথিয়া উপজেলা দেশের প্রধান পেঁয়াজ উৎপাদনকারী উপজেলা। এর মধ্যে সুজানগর দেশের সর্বোচ্চ পেঁয়াজ উৎপাদনকারী উপজেলা। এবার এ উপজেলায় সাড়ে ১১ হাজার হেক্টর জমিতে এবং সাঁথিয়া উপজেলায় ১১ হাজার হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছিল। গত দুই বছরে পেঁয়াজের দাম না পেয়ে চাষিরা ব্যাপক লোকসান দিয়েছেন।
খোঁজ নিয়ে জানা যায়, এবার এপ্রিল-মে মাসে নতুন পেঁয়াজ ওঠার পর চাষিরা হাটে তা ৬০০ থেকে ৮০০ টাকা মণ দরে বিক্রি করেছেন। এমন দামে বিক্রি করে কৃষকের কোনো রকমে উৎপাদন খরচ উঠেছে। দাম কম হওয়া সত্ত্বেও ওই সময় দুই উপজেলার বেশির ভাগ পেঁয়াজচাষিই টাকার প্রয়োজনে পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হয়েছেন। তবে সচ্ছল পেঁয়াজচাষিরা সামান্য কিছু বিক্রি করে বাকিটা ঘরেই রেখেছিলেন। গত শনিবার বেড়ার করমজা হাটে ও রোববার সাঁথিয়ার কাশীনাথপুর হাট ঘুরে প্রচুর পেঁয়াজের আমদানি লক্ষ করা গেছে। দুই হাটে প্রতি মণ পেঁয়াজ এক হাজার ৫০০ থেকে এক হাজার ৬০০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। অথচ বৃহস্পতিবার সাঁথিয়া হাটে ও শুক্রবার সাঁথিয়ার ধুলাউড়ি হাটে এক হাজার ৬৫০ থেকে এক হাজার ৮০০ টাকা মণ দরে পেঁয়াজ বিক্রি হতে দেখা গেছে।
বেড়া পৌর এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক পেঁয়াজের একজন মজুতদার বলেন, ‘৮০০ টাকা মণ দরে কিছু পেঁয়াজ রাখছিল্যাম। এখন তা হাটে বিক্রি কইর‌্যা দিচ্ছি।’
সাঁথিয়ার শহীদনগর গ্রামের প্রান্তিক পেঁয়াজচাষি বাবু মিয়া বলেন, ‘দেড় বিঘ্যা জমিতে আবাদ কইর‌্যা ৬০ মণ পেঁয়্যাজ পাইছিলাম। জমির থ্যা পেঁয়াজ তোলার পরপরই হাটে নিয়্যা ওই সময় (এপ্রিল মাস) ৭০০ টাকা মণ দরে বেইচ্যা ধারদেনা শোধ করছি। তখন পেঁয়্যাজ বেইচ্যা কুনু লাভ হয় নাই। এখন পেঁয়াজের দাম বাড়িছে, কিন্তু ঘরে বেচার মতো পেঁয়াজ নাই।’