পেঁয়াজ আমদানিতে শুল্ক আরোপের চিন্তা
সাড়ে তিন মাস বন্ধ থাকার পর ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। গতকাল শনিবার বাংলাদেশ-ভারতের তিনটি স্থলবন্দর দিয়ে প্রায় ৪০০ মেট্রিক টন পেঁয়াজ বাংলাদেশে আসে। কিন্তু এই আমদানির ফলে দেশে পেঁয়াজের মৌসুমের শুরুতে দাম কমে গেলে কৃষকের লোকসান ছাড়া উপায় থাকবে না। তাই পেঁয়াজে আমদানিতে
শুল্ক আরোপের চিন্তা করছে সরকার।
ভারত গত সোমবার পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেয়, যা কার্যকর হয়েছে শুক্রবার। ভারতের রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণার পর ঢাকার বাজারে চার দিনে পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকার মতো কমেছে।
ভারত গত সেপ্টেম্বরে নিজেদের বাজার সামাল দিতে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। এরপর বাংলাদেশের বাজারে পেঁয়াজের কেজি ১০০ থেকে ১২০ টাকা হয়েছিল। এখন ভারতীয় পেঁয়াজ দেশে আসতে শুরু করল এমন একটি সময়ে, যখন দেশেই নতুন মৌসুম শুরু হচ্ছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, মৌসুমের শুরুতে দাম কমে গেলে কৃষকের লোকসান ছাড়া উপায় থাকবে না।
সরকার দেশেই উৎপাদন বাড়ানোর কৌশল হিসেবে চলতি ২০২০-২১ অর্থবছরের ১ জুলাই থেকে পেঁয়াজ আমদানিতে ৫ শতাংশ শুল্ক আরোপ করে। অবশ্য গত সেপ্টেম্বরে ভারত রপ্তানি বন্ধ করে দেওয়ার পর শুল্ক সাময়িকভাবে তুলে নেওয়া হয়। এই ৫ শতাংশ শুল্ক আগামী মার্চ পর্যন্ত সময়ের জন্য স্থগিত রয়েছে।
নতুন করে এই শুল্ক আরোপ করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ রোববার একটি বৈঠক ডেকেছে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্যসচিব মো. জাফর উদ্দীন প্রথম আলোকে বলেন, বৈঠকে সার্বিক পরিস্থিতি আলোচনার পর সিদ্ধান্ত হবে।
কৃষি মন্ত্রণালয় বলছে, তারাও কৃষককে সুরক্ষা দেওয়ার জন্য শুল্ক আরোপের সুপারিশ করার চিন্তা করছে। কৃষিসচিব মো. মেসবাহুল ইসলাম প্রথম আলোকে বলেন, শুল্ক বসানোর ক্ষেত্রে বিশ্ব বাণিজ্য সংস্থার কিছু নিয়মকানুন অনুসরণ করতে হয়। সেসব পর্যালোচনা করে সরকার সিদ্ধান্ত নেবে।
তিন স্থলবন্দর দিয়ে যে ৪০০ টনের মতো পেঁয়াজ ঢুকেছে, তার মধ্যে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে আসে ২৪২ টন। এ বন্দরের বিপরীতে ভারতীয় ঘোজাডাঙ্গা অংশে গতকাল বিকেল পর্যন্ত ২৫টি পেঁয়াজবাহী ট্রাক প্রবেশের অপেক্ষায় ছিল। এ ছাড়া দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ১৯ টন ও চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে প্রায় দেড় শ টন পেঁয়াজ ঢোকে।
হিলির পেঁয়াজ আমদানিকারক মাহফুজার রহমান বলেন, তিনি পেঁয়াজ আমদানি করেছেন প্রতি টন ২৫০ মার্কিন ডলারে (প্রতি কেজি ২১ টাকার মতো)।
রাজধানীর কারওয়ান বাজার ও মোহাম্মদপুর কৃষি মার্কেটের আড়ত এবং তিনটি কাঁচাবাজার ঘুরে গতকাল দেখা যায়, পাইকারি বাজারে দেশি নতুন পেঁয়াজের কেজি ২৬ থেকে ৩২ টাকা। খুচরায় তা মানভেদে ৩৫ থেকে ৪৫ টাকা চান বিক্রেতারা। এ দাম চার দিন আগের তুলনায় ১০ টাকা কম। এ ছাড়া চীনা পেঁয়াজ আড়তে ২০ থেকে ২২ টাকা ও খুচরায় ৩০ টাকা কেজির আশপাশে বিক্রি হয়।
পুরান ঢাকার শ্যামবাজারের আড়তমালিক নারায়ণ চন্দ্র সাহা বলেন, এ বছর পেঁয়াজের আবাদ হয়েছে অনেক বেশি। কৃষকেরা এখন ভালো দাম না পাওয়ার আশঙ্কায় রয়েছেন।