
ভোক্তাদের অনেক ভোগান্তি দিয়ে অবশেষে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। নতুন দেশি পেঁয়াজ ওঠায় এবং ভারত পেঁয়াজের রপ্তানিমূল্য দফায় দফায় কমিয়ে দেওয়ায় দুই সপ্তাহ আগেও ব্যাপক ঝাঁজ ছড়ানো এই নিত্যপণ্যের দাম কমছে। সর্বশেষ গত বৃহস্পতিবার ভারত সরকার প্রতি টন পেঁয়াজের রপ্তানিমূল্য ৮০০ মার্কিন ডলার থেকে কমিয়ে ৩৫০ মার্কিন ডলার করেছে। এর আগে মঙ্গলবার এক হাজার ১৫০ ডলার থেকে কমিয়ে ৮০০ ডলার করা হয়েছিল।
দুই সপ্তাহ আগে রাজধানীর কাঁচাবাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ সর্বোচ্চ ১৫০ টাকা ও ভারত থেকে আমদানি করা পেঁয়াজ ৯০-১০০ টাকায় উঠেছিল। গতকাল শুক্রবার প্রতি কেজি দেশি পেঁয়াজ ৮০ টাকা ও ভারতীয় পেঁয়াজ ৭০ টাকায় বিক্রি হয়।
পেঁয়াজের দাম কমার পাশাপাশি শীতকালীন শাকসবজির কমতে থাকা দাম ক্রেতাদের কিছুটা স্বস্তি দিচ্ছে। কিন্তু বিরোধী দলের টানা অবরোধ কর্মসূচির কারণে চালবাহী ট্রাক রাজধানীতে আসতে না পারায় চালের সংকট দেখা দিয়েছে এবং দামও বেড়েছে।
রামপুরা বাজার ও কারওয়ান বাজারে গতকাল কয়েক ধরনের চালই বেশি দামে বিক্রি হতে দেখা গেছে। কয়েক দিন আগে প্রতি কেজি মোটা চাল (স্বর্ণা, ইরি) ৩৬ টাকায় বিক্রি হলেও গতকাল বিক্রি হয় ৩৮ টাকায়। ৪০ টাকায় বিক্রি হওয়া বিআর-২৮ ও লতা ৪৩ টাকায়, ৫৬ টাকায় বিক্রি হওয়া নাজিরশাইল ৫৮ টাকায় বিক্রি হয়েছে। তবে মিনিকেট আগের মতোই ৪৮ টাকায় বিক্রি হয়েছে।
কারওয়ান বাজারের চাল বিক্রেতারা বলেছেন, অবরোধের কারণে চাল উৎপাদনকারী জেলাগুলো থেকে মিলমালিকেরা ঢাকায় চাল পাঠাতে পারছেন না। বৃহস্পতিবার রাতে কিছু চাল পাঠালেও তা চাহিদা পূরণ করতে পারছে না। আবার যেসব ট্রাকে চাল পাঠানো হচ্ছে, সেগুলোর মালিকেরা ভাড়াও নিচ্ছেন দ্বিগুণ।
অবশ্য সরবরাহ ভালো থাকায় কাঁচাবাজারগুলোতে সবজির দাম কয়েক দিন ধরে কিছু কম। গতকাল প্রতি কেজি করলা, বেগুন, গাজর ৪০ টাকা, শিম ৩০ থেকে ৪০ টাকা, শসা ৩০ টাকা, টমেটো ৫০-৬০, মুলা ২০-২৫ টাকায় বিক্রি হয়। এক সপ্তাহ আগে প্রতিটি ৩৫-৪০ টাকায় বিক্রি হওয়া ফুলকপি বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকায়। প্রতিটি বাঁধাকপি বিক্রি হচ্ছে ২০-২৫ টাকায়। বড় আকারের প্রতিটি লাউ বিক্রি হচ্ছে ৩৫-৪০ টাকায়। বিভিন্ন প্রকারের শাক বিক্রি হচ্ছে ১০-১৫ টাকা কেজি।
পেঁয়াজের রপ্তানিমূল্য কমাল ভারত: ভারতজুড়ে পেঁয়াজের অব্যাহত মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে রপ্তানি নিরুৎসাহিত করতে দেশটির সরকার কয়েক দফায় পেঁয়াজের রপ্তানিমূল্য বাড়ায়। গত নভেম্বরে প্রতি টন পেঁয়াজের রপ্তানিমূল্য নির্ধারণ করে এক হাজার ১৫০ ডলার। ভারতের পেঁয়াজের ওপর নির্ভরশীলতা থাকায় এর প্রভাবে দেশের বাজারে বাড়ে পেঁয়াজের দাম।
কিন্তু এবার পেঁয়াজের অতি ফলনে বিপাকে পড়েছে ভারত সরকার। অতি ফলন ও বেশি সরবরাহে সে দেশে পেঁয়াজের দাম কমে গেছে। পেঁয়াজের বৃহত্তম পাইকারি বাজার নাসিকে প্রতি কেজি পেঁয়াজের পাইকারি দর সাত-আট রুপিতে নেমেছে। দাম কমে যাওয়ায় ক্ষতিগ্রস্ত পেঁয়াজচাষিরা আন্দোলনে নেমেছেন, কয়েকজন আটক হয়েছেন। তাই নির্বাচন সামনে রেখে চাষিদের খুশি করতে সরকার তিন দিনের ব্যবধানে দুই দফায় পেঁয়াজের রপ্তানিমূল্য কমিয়েছে।
দেশে পেঁয়াজ-রসুন-আদার বৃহত্তম পাইকারি বাজার পুরান ঢাকার শ্যামবাজার। শ্যামবাজারের আমদানিকারক ও পাইকারেরা জানান, ভারত রপ্তানিমূল্য না কমালেও দেশে পেঁয়াজের দাম এখন কমত। এর কারণ প্রথমত, দেশের বিভিন্ন স্থানে নতুন পেঁয়াজ (মুড়িকাটা) উঠেছে। দ্বিতীয়ত, ১৫-২০ দিন ধরে ভারত থেকে নির্ধারিত রপ্তানিমূল্যের চেয়েও অনেক কম দামে পেঁয়াজ রপ্তানি হচ্ছে। প্রতি কেজি পেঁয়াজ আমদানি করে ঢাকায় আনা পর্যন্ত খরচ পড়েছে ২৫-৩০ টাকা। কিন্তু টানা অবরোধ সব সমস্যা তৈরি করেছে। আমদানি হওয়া পেঁয়াজ ঢাকায় আনা যায়নি। স্থলবন্দরেই অনেক পেঁয়াজ পচে গেছে। অন্যদিকে ঝুঁকি নিতে না চাওয়ায় অনেক আমদানিকারকই এখন পেঁয়াজ আমদানি বন্ধ রেখেছেন।