পেঁয়াজ চাষে শীর্ষে পাবনা, বাম্পার ফলনের আশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা জেলার নয়টি উপজেলায় চলতি মৌসুমে ৩৩ হাজার ৯৪৩ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে, যা গত মৌসুমের তুলনায় প্রায় এক হাজার হেক্টর বেশি। পেঁয়াজ চাষে পাবনা এবার দেশের শীর্ষে অবস্থান করছে বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা দাবি করেছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পাবনা কার্যালয় সূত্রে জানা গেছে, পাবনায় দুই ধরনের পেঁয়াজের আবাদ হয়। এর একটি হচ্ছে মূলকাটা পেঁয়াজ এবং অপরটি হালি পেঁয়াজ। এর মধ্যে মূলকাটা পেঁয়াজ আগাম রোপণ করা হয়। গত বছরের নভেম্বর ও ডিসেম্বর মাসে জেলার নয়টি উপজেলায় ৬ দশমিক ৩৬ হাজার হেক্টর জমিতে এ জাতের পেঁয়াজের আবাদ করা হয়। এ পর্যন্ত উৎপাদিত পেঁয়াজের পরিমাণ ৫৭ হাজার ৩৩২ মেট্রিক টন। অন্যদিকে এই পেঁয়াজ ঘরে তোলার সঙ্গে সঙ্গে হালি পেঁয়াজ রোপণ করেছেন চাষিরা। জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত মোট ২৭ হাজার ৬১৫ হেক্টর জমিতে এ পেঁয়াজ রোপণ করা হয়েছে।কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে আরও জানা গেছে, ২০১০ সালে পাবনার নয়টি উপজেলায় প্রায় ৩২ হাজার ৯৯২ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছিল। প্রতি হেক্টর জমি থেকে ৮ দশমিক ৫ মেট্রিক টন হিসাবে পেঁয়াজের উৎপাদন ছিল ২ দশমিক ৮ লাখ মেট্রিক টন। এ বছর প্রতি হেক্টর জমি থেকে নয় মেট্রিক টন হিসাবে প্রায় ৩ দশমিক ৫ লাখ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদিত হবে বলে ধারণা করা হচ্ছে।সুজানগর উপজেলার মানিকহাট গ্রামের পেঁয়াজচাষি মাহাতাব উদ্দিন জানান, ভালো পরিচর্যা করলে পেঁয়াজের ভালো ফলন পাওয়া যায়। এ বছর আবহাওয়া অনুকূলে আছে। আবহাওয়ার বড় কোনো পরিবর্তন না ঘটলে জেলায় পেঁয়াজের বাম্পার ফলন হবে। বেড়া উপজেলার পুরান মাসুমদিয়া গ্রামের আবদুল আজিজ জানান, প্রতি বিঘা জমিতে পেঁয়াজের আবাদ করতে সার, কীটনাশক, সেচসহ বিভিন্ন খাতে ১২ থেকে ১৫ হাজার টাকা খরচ হয়। আর এই জমির পেঁয়াজ বিক্রি করে পাওয়া যাবে ৪০ থেকে ৫০ হাজার টাকা।সাঁথিয়া উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান হোসেন বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে প্রতি বিঘা জমি থেকে প্রায় ৪০ মণ পেঁয়াজ পাওয়া যাবে।কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উন্নয়ন কর্মকর্তা মো. শাহীন হোসেন বলেন, ‘চলতি মৌসুমে অনুকূল আবহাওয়া বিরাজ করছে। তাই পেঁয়াজের বাম্পার ফলন হবে বলে আমরা আশা করছি।’