পেঁয়াজ চাষেও লোকসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মাস দুয়েক আগে যখন কৃষকের ঘরে পেঁয়াজ ছিল না। তখন দাম ছিল প্রতি মণ তিন থেকে চার হাজার টাকা। এখন কৃষকের ঘর ভর্তি পেঁয়াজ। অথচ দাম নাইম্যা গেছে চার-ছয় শ টাকায়। এই দামে পেঁয়াজ বেইচ্যা চাষিরা চোখেমুখে অন্ধকার দেখত্যাছে।’ গতকাল শনিবার পাবনার সাঁথিয়া উপজেলার করমজা হাটে পেঁয়াজ বিক্রি করতে এসে ক্ষোভের সঙ্গে কথাগুলো বলেন আফরা গ্রামের চাষি জমিরউদ্দিন। পেঁয়াজের দাম কমে যাওয়ায় লোকসানে পড়ে চোখেমুখে অন্ধকার দেখছেন তাঁর মতো অনেকেই।
সাঁথিয়া কৃষি কার্যালয় সূত্র ও কৃষকেরা জানান, সাঁথিয়া অন্যতম পেঁয়াজ উৎপাদনকারী উপজেলা। এবার উপজেলার ১১ হাজার ৮০০ হেক্টর জমিতে পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে। মূল কাটা পদ্ধতির পেঁয়াজের আবাদ শুরু হয় অক্টোবর-নভেম্বর মাসে এবং হালি পদ্ধতিতে শুরু হয় ডিসেম্বর-জানুয়ারি মাসে। পেঁয়াজের অগ্নিমূল্য দেখে এবার পেঁয়াজ চাষের প্রতি কৃষকেরা বেশি আগ্রহী হন। অন্য বছর মূল কাটা পদ্ধতিতে পেঁয়াজ চাষের জন্য কৃষকেরা এক-দেড় হাজার টাকা মণ দরে পেঁয়াজ বীজ কিনলেও এবার তিন থেকে সাড়ে তিন হাজার টাকা লেগেছে। এত দামে বীজ কিনেও কৃষকেরা আশা করেছিলেন পেঁয়াজ চাষে লাভের মুখ দেখবেন। কিন্তু দাম কমে যাওয়ায় তাঁদের লোকসান গুনতে হচ্ছে।
গতকাল সরেজমিনে সাঁথিয়ার করমজা হাটে দেখা যায়, প্রতি মণ পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০০-৬০০ টাকায়। হাটের পেঁয়াজের আড়তদার আবদুল মালেক জানান, দুপুরে সবচেয়ে ভালো মানের পেঁয়াজ বিক্রি হয়েছে প্রতি মণ ৬০০ টাকায়। গত সপ্তাহে এই মানের পেঁয়াজের দাম ছিল ৮০০ টাকা।
পেঁয়াজ বিক্রি করতে আসা সানিলা গ্রামের আরেক পেঁয়াজচাষি জহুরুল ইসলাম বলেন, ‘পেঁয়াজের দাম বাড়লি লাভ যায় ব্যবসায়ী আর মাহাজনের ঘরে। আর দাম কুমলি লোকসান আমাগরে। পেঁয়াজের লাভ আমাগরে ভাগ্যে নাই।’
শামুনকজানি গ্রামের ঈমান সরদার জানান, তাঁর এক বিঘা জমিতে পেঁয়াজের আবাদের জন্য ছয় মণ পেঁয়াজ বীজ কিনতে হয়েছে। তিন হাজার ৩০০ টাকা মণ হিসেবে এর দাম প্রায় ২০ হাজার টাকা। সার, কামলা, কীটনাশক, সেচসহ মোট খরচ প্রায় ২৭ হাজার টাকা। ৫০০ টাকা মণ দরে সব পেঁয়াজ (৩০ মণ) বিক্রি হলে আসবে ১৫ হাজার টাকা। ১২ হাজার টাকা লোকসান হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা মোশারফ হোসেন বলেন, বর্তমান দামে পেঁয়াজ বিক্রি হলে কৃষকদের লোকসান গুনতে হবে। বেশি দামে পেঁয়াজ বীজ কেনার প্রভাবও এর ওপর পড়ছে।