পেঁয়াজ নিয়ে কৃষকের স্বপ্ন
পাবনায় এ বছর বিপুল পরিমাণ জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। উৎপাদন খরচ কম হওয়ায় এবার কৃষকেরা গত বছরের লোকসান পুষিয়ে নেওয়ার স্বপ্ন দেখছেন।কৃষি সমপ্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলার নয়টি উপজেলায় চলতি মৌসুমে ৩৬ হাজার ৫৪৪ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে, যা পেঁয়াজ আবাদে দেশের মধ্যে শীর্ষে। পাবনায় ‘মূলকাটা’ ও ‘হালি’ নামে দুই ধরনের পেঁয়াজের আবাদ হয়। এর মধ্যে বছরের শেষ দিকে মৌসুম শুরুর আগে আবাদ হয় মূলকাটা পেঁয়া-জের। গত বছরের নভেম্বর ও ডিসেম্বরে জেলার প্রায় আট হাজার ৯৫৪ হেক্টর জমিতে এই জাতের পেঁয়াজের আবাদ হয়। গত ফেব্রুয়ারি মাসের শেষ দিন পর্যন্ত উৎপাদিত মূলকাটা পেঁয়াজের পরিমাণ ছিল সাড়ে ৭৬ হাজার মেট্রিক টন। এই পেঁয়াজ ঘরে তোলার পর কৃষক হালি পেঁয়াজের রোপণ শুরু করেছেন। এ পর্যন্ত জেলায় হালি পেঁয়াজ রোপণ করা হয়েছে ২৭ হাজার ৫৪৪ হেক্টর জমিতে।সূত্র আরও জানায়, গত মৌসুমে জেলায় পেঁয়াজের আবাদ হয়েছিল ৩৩ হাজার ৯৪৩ হেক্টর জমিতে। ওই বছর প্রতি হেক্টর জমি থেকে নয় মেট্রিক টন হিসাবে প্রায় ৩ দশমিক ৫ লাখ মেট্রিক টন পেঁয়াজের আবাদ হয়। কৃষি সমপ্রসারণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের উপসহকারী কৃষি কর্মকর্তা আ ই শাহীন জানান, গত মৌসুমে পাবনা জেলা পেঁয়াজ আবাদে দেশের শীর্ষে ছিল। কিন্তু উৎপাদন খরচ বেশি থাকায় লোকসান গুনতে হয় কৃষকদের। চলতি মৌসুমে সারা দেশের হিসাব থেকে দেখা গেছে, এবারও পাবনা পেঁয়াজ আবাদে দেশের শীর্ষে অবস্থান করছে। সুজানগর উপজেলার মানিকহাট গ্রামের কৃষক আবদুল আজিজ জানান, গত মৌসুমে প্রতি বিঘা জমিতে পেঁয়াজ আবাদ করতে খরচ হয় ১২ থেকে ১৪ হাজার টাকা। এই মৌসুমে তা কমে দাঁড়িয়েছে ৮ থেকে ১০ হাজার টাকা। গত মৌসুমে তিনি দুই বিঘা জমিতে ২৫ হাজার টাকা খরচ করে পেঁয়াজের আবাদ করেছিলেন। উৎপাদিত পেঁয়াজ বিক্রি করেছিলেন ২০ হাজার টাকায়। তবে এবার উৎপাদন খরচ কিছুটা কমে যাওয়ায় লোকসানটা পুষিয়ে যাবে বলে তিনি আশা করছেন। কৃষি সমপ্রসারণ অধিদপ্তর পাবনার উপপরিচালক আমিনুল ইসলাম বলেন, ‘আবহাওয়া অনুকূলে থাকলে এবারও পাবনায় পেঁয়াজের বাম্পার ফলন হবে বলে ধারণা করা হচ্ছে। ফলে গত মৌসুমের লোকাসান পুষিয়ে যাবে বলে আমরা আশাবাদী।’