পেঁয়াজ রসুন আদার দাম কমেছে
চট্টগ্রামের বাজারে এবার পেঁয়াজ, রসুন ও আদার দাম কমেছে। সবজির দামও ক্রেতার হাতের নাগালে রয়েছে। শুধু ব্রয়লার মুরগির দাম কিছুটা বেড়েছে। বনভোজন ও বিয়ের জন্য চাহিদা বাড়ায় মুরগির দাম বেড়েছে বলে ব্যবসায়ীরা জানান। গতকাল শনিবার রিয়াজ উদ্দিন বাজারের পাইকারি দোকানে পেঁয়াজের কেজি ছিল ৩৫-৩৬ টাকা। রসুন বিক্রি হয় ১০৪-১০৫ এবং আদা ৬২-৬৪ টাকা কেজি দরে। এসব দোকানে গত সপ্তাহে পেঁয়াজ ৫০-৫৫ টাকা, রসুন ১০৫-১০৭ এবং আদা বিক্রি হয় ৮০-৮২ টাকা কেজি দরে। বাজারে সবজির দামও ছিল ক্রেতার সাধ্যের মধ্যে। নতুন আলু বিক্রি হয়েছে ১০-১২ টাকায়। শিম ২৪-২৫ টাকা, ফুলকপি ও বাঁধাকপি ১০-১২, টমেটো ১৫-২০, বেগুন ১৫-১৬, শিমের বিচি ৫০-৫২, পেঁয়াজ পাতা ১২-১৪, গাজর ১৪-১৫, ক্ষীরা ৩৫-৩৬, কাঁচা মরিচ ৫০-৫২ ও ধনেপাতা ২৫-২৭ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। মুরগির দোকানে গিয়ে দেখা যায়, ছোট আকারের ব্রয়লার মুরগি ১৬০-১৬৫ এবং বড় আকারের মুরগি ১৫৫-১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দোকানি এয়াকুব মিয়া বলেন, ‘এখন বিভিন্ন জায়গায় পিকনিক এবং বিয়েশাদি হচ্ছে বলে মুরগির দাম বাড়তির দিকে।’