পেঁয়াজ, রসুন, আদার দাম চড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বাজারে কয়েক মাস স্থিতিশীল থাকার পর গত সপ্তাহ থেকে বাড়তে শুরু করে পেঁয়াজের দাম। এবার দাম বাড়ছে রসুনের। আর আদার দাম তিন সপ্তাহ ধরেই বেশ চড়া। সব মিলিয়ে মসলাপণ্যে বাড়তি টাকা গুনতে হচ্ছে ক্রেতাদের।
ডিমের ন্যায্য দাম না পাওয়ার প্রতিবাদে মাসখানেক আগে খামারিরা দেশের বিভিন্ন স্থানে সড়কে ও রাজধানীতে ডিম ফেলে দিয়েছিলেন। এখন ডিমের দামও বেড়েছে। বেড়েছে ব্রয়লার মুরগির দামও।
বাজারে নতুন চাল উঠলেও বর্ধিত দামেই বিক্রি হচ্ছে। তবে সবজি, মাছ-মাংস, ডাল, আটা-ময়দা, চিনি ও ভোজ্যতেলের দাম স্থিতিশীল রয়েছে।
গতকাল শুক্রবার কারওয়ান বাজার ও রামপুরা কাঁচাবাজার ঘুরে প্রতি কেজি দেশি রসুন কেজিতে ১০ টাকা বেশি দামে বিক্রি হতে দেখা গেছে। গত সপ্তাহে বাজারভেদে ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হওয়া দেশি রসুন গতকাল বিক্রি হয় ৬০ থেকে ৭০ টাকায়। চীন থেকে আমদানি করা রসুন বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা কেজি। খুচরা বিক্রেতারা জানান, পাইকারিতে চড়া দামের কারণে খুচরা বাজারেও রসুনের দাম বেড়েছে।
পুরান ঢাকার শ্যামবাজারের আমদানিকারকেরা বলছেন, দেশে চীনের আদা ও রসুনের চাহিদা বেশি। কিন্তু চীনে আদা ও রসুনের দাম বেড়ে যাওয়ায় চড়া দামে আমদানি করতে হচ্ছে। এর প্রভাব পড়েছে দেশের বাজারে। এ ছাড়া দাম বেশি হওয়ায় অনেক আমদানিকারক চীন থেকে আদা আমদানি কমিয়ে দেওয়ায় সরবরাহ কমে যাওয়াও দাম বাড়ার একটি কারণ।
কয়েক মাস দেশি পেঁয়াজ ২৫ টাকা কেজি ছিল। গত সপ্তাহে সেই পেঁয়াজ হয় ৩০ থেকে ৩২ টাকা। আর গতকাল ওই পেঁয়াজ বিক্রি হয়েছে ৩২ থেকে ৩৫ টাকায়। ভারত থেকে আমদানি করা পেঁয়াজ গতকাল ২৮ থেকে ৩০ টাকায় বিক্রি হয়।
কাঁচাবাজারে গত সপ্তাহে ১৫ থেকে ২০ টাকায় এক কেজি আলু পাওয়া গেলেও গতকাল তা বিক্রি হয় ১৮ থেকে ২০ টাকায়। কারওয়ান বাজারের একজন পাইকারি ব্যবসায়ী জানান, আলুর একটি বড় অংশই এখন হিমাগারে সংরক্ষণ করা হচ্ছে। বাজারে আসছে কৃষকের গোলার আলু। দাম বাড়ার আশায় ব্যবসায়ীরা আলু ছাড়ছেন না। এ কারণে আলুর সরবরাহ কমেছে।
সবজির দামে তেমন পরিবর্তন নেই। গতকাল প্রতি কেজি পটোল, করলা, বেগুন, টমেটো, বরবটি, শিম, ঝিঙ্গে ও চিচিঙ্গা ৩০ থেকে ৪০ টাকার মধ্যে বিক্রি হতে দেখা গেছে।
তবে এক সপ্তাহের ব্যবধানে ডজনপ্রতি ডিমের দাম ১২ থেকে ১৫ টাকা বেড়ে হয়েছে ৮৫ থেকে ৯০ টাকা।
বাজারে নতুন চাল (ব্রি-২৮) এলেও দামে পরিবর্তন নেই। ভালো মানের মিনিকেট ও নাজিরশাইল বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৪ টাকা কেজি, ব্রি-২৮ ৪২ থেকে ৪৪ টাকায়, পারিজা ৩৬ থেকে ৩৮ টাকায়, স্বর্ণা ৩৫ থেকে ৩৭ টাকায়।