পেঁয়াজ সমাচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেঁয়াজের দাম দেখে খুব হতাশ লাগছে। কোথাও কোথাও নাকি ২৫০ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি হচ্ছে। তাই ভাবলাম, পেঁয়াজ নিয়ে ছোটখাটো একটা গবেষণা করে ফেলি।

বিজ্ঞান বলছে, পেঁয়াজ অ্যালিয়াম বর্গের উদ্ভিদ, বৈজ্ঞানিক নাম অ্যালিয়াম সেপা। ইংরেজিতে অনিয়ন বলেই পরিচিত। পেঁয়াজ এমন এক উদ্ভিদ, যার মূলটাই মূল। কোথাও কোথাও অবশ্য পেঁয়াজের পাতারও আলাদা কদর রয়েছে।

পেঁয়াজ নিয়ে আরও পর্যালোচনা করা যেতে পারে। পেঁয়াজ প্রথম থেকেই সবাইকে কাঁদাচ্ছে। পেঁয়াজ কাটার সময় অ্যালিনাস জাতীয় এনজাইম নিঃসৃত হয়, যা এর ঝাঁজের জন্য দায়ী। এই এনজাইমের কারণে পেঁয়াজ কাটার সময় চোখ দিয়ে পানি বের হয়।

পেঁয়াজের অনেক গুণাগুণ লক্ষ্য করা যায়। প্রতিটি জিনিসেরই ভালো-মন্দ দিক থাকে। পেঁয়াজেরও আছে। পেঁয়াজ মসলা, নাকি সবজি, এ নিয়ে বিতর্ক রয়েছে। যেহেতু এটি প্রায় প্রতিটি রান্নায় দেওয়া হয় এবং রান্নার সময় তেল দেওয়ার পরেই দেওয়া হয়, তাই এটিকে অনেকে মসলা বলেছেন। আবার সালাদে কাঁচা খাওয়া যায় বলে কেউ কেউ একে সবজি বলার পক্ষে। তবে পেঁয়াজ ছাড়াও তরকারি খাওয়া যেতে পারে, খুব একটা খারাপ লাগে না। এটি সাধারণত রান্নায় ঝাঁজালো স্বাদ আনে এর মধ্যে থাকা সালফারের জন্যই।

গবেষকেরা বলেন, পেঁয়াজে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট কোষের ডিএনএকে ক্ষতির হাতে থেকে বাঁচিয়ে কোলোন ক্যানসারের মতো রোগ প্রতিরোধ করে। শুধু তা-ই নয়, পেঁয়াজ কিডনির সমস্যা ও রক্তকে জমাট বাঁধা থেকে বাঁচায়, জ্বর থেকেও মানুষকে অব্যাহতি দিয়ে থাকে পেঁয়াজ। হৃদ্‌রোগেও উপকার মেলে এই পেঁয়াজ থেকে। পেঁয়াজ এমন একটা জিনিস, যা কাঁচা এবং রান্না করা—দুভাবেই বেশ উপাদেয়। হজমে বেশ সাহায্য করে পেঁয়াজ। পেঁয়াজ এ কারণেই সালাদের সঙ্গে দেওয়া হয়ে থাকে, ভর্তার সঙ্গেও পেঁয়াজ যায়। অনেক সময় রান্নার ফলে পেঁয়াজের গুণাগুণ নষ্ট হয়ে যেতে পারে, তাই কাঁচা পেঁয়াজ খাওয়াই উত্তম। ভর্তার সঙ্গে কাঁচা পেঁয়াজের রসায়নটাই সে রকম।

গ্রামের মানুষের সঙ্গে পেঁয়াজের ঘনিষ্ঠতা যেন একটু বেশি। পেঁয়াজ দিয়ে তরকারির কাজও চালিয়ে নিতে পারে তারা। অনায়াসে পেঁয়াজ, কাঁচা মরিচ আর সরিষার তেল দিয়ে প্রায় সবাই এক প্লেট ভাত খেয়ে নিতে পারে। মুড়ি তো পেঁয়াজ আর সরিষার তেল ছাড়া জমেই না। বলা হয়, নেশাগ্রস্ত ব্যক্তিকে পেঁয়াজের রস খাইয়ে দিলে অল্প সময়ের মধ্যেই নেশা কেটে যায়। পেঁয়াজ ত্বক ও চুলের জন্যও খুব ভালো। কোনো কোনো দেশে নাকি পেঁয়াজ কসমেটিকসের দোকানে একটা একটা করে বিক্রি হয়; বাংলাদেশ যেমন বেসন আর চন্দন কসমেটিকসের দোকানে পাওয়া যায়।

পেঁয়াজের তেমন কোনো অপকারিতা আমি খুঁজে পেলাম না কোথাও। তবে কাঁচা অবস্থায় এর যে ঝাঁজালো গন্ধটা পাওয়া যায়, মানুষের শরীরের গন্ধের জন্য অনেক সময় এটাকে দায়ী করা হয়।

যা হোক, দেশে পেঁয়াজের দাম ২৫০ ছুঁয়েছে। পুরান ঢাকার লক্ষ্মীবাজারের গোবিন্দ লেনে একটি দোকানে সাইনবোর্ড লিখে ২০ টাকা দরে এক হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে। সরকার পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে নানা উদ্যোগ নিয়েছে। বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। মিয়ানমার, মিসর ও তুরস্ক থেকে পেঁয়াজ আমদানি করা হচ্ছে। তাই আশা করা যায়, খুব তাড়াতাড়ি পেঁয়াজের দাম সবার সাধ্যের মধ্যে আসবে।

* অনিন্দিতা হাছনাইন: শিক্ষার্থী, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস