পেঁয়াজগাছে ছেয়ে গেছে ধু ধু চর
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শত গ্রাম ইউনিয়নে আত্রাই নদের চর ছেয়ে গেছে সবুজ পেঁয়াজগাছে। এলাকার সহস্রাধিক ভূমিহীন ও প্রান্তিক চাষি পেঁয়াজ চাষ করে আর্থিকভাবে সাফল্যের আশা করছেন।
গত শুক্রবার জানতে চাইলে কাশিমনগর গ্রামের কয়েকজন কৃষক প্রথম আলোকে বলেন, ১০ থেকে ২০ বছর আগেও সারা বছর আত্রাই নদে পানিপ্রবাহ থাকত। কিন্তু উজানে ভারত বাঁধ নির্মাণ করায় এখন শীত মৌসুমে নদে পানি থাকে না। বিশাল এলাকায় ধু ধু চর পড়েছে। তীরবর্তী ভূমিহীন ও প্রান্তিক চাষিরা এ চরে চাষাবাদ করেন। সেখানে পেঁয়াজ, তরমুজ, শসা, করলাসহ নানা সবজি চাষ করেন তাঁরা।
বীরগঞ্জ উপজেলার শত গ্রাম ইউনিয়নের পাশ দিয়ে বয়ে গেছে আত্রাই নদ। এর চরে পেঁয়াজ চাষ করেছেন সহস্রাধিক কৃষক।
পেঁয়াজচাষি বরকত আলী বলেন, তাঁর নিজের জমি নেই। পরিবারে বৃদ্ধা বাবা-মা, স্ত্রী ও ছেলে-মেয়ে নিয়ে সাতজনের সংসার। অন্যের জমি বর্গা নিয়ে চাষাবাদ করেন। বর্তমানে আত্রাই নদের চরে ৫০ শতক জমিতে পেঁয়াজ, রসুন, চালকুমড়া, মিষ্টিকুমড়া, করলাসহ বিভিন্ন সবজির চাষ করেন। পরিবারের সব সদস্য এ কাজে তাঁকে সহযোগিতা করেন।
পেঁয়াজচাষি মো. জমির আলী বলেন, ভরা বর্ষায় এ চরে অনেক পলি জমে। সেই পলি পেঁয়াজখেতে সার হিসেবে কাজে দেয়। পেঁয়াজ চাষে সার বেশি লাগে না।
নভেম্বর মাস থেকে এ নদে পানি কমে যায়। তখন বালুচরের জায়গা নিজেদের দখলে নিয়ে কৃষকেরা পেঁয়াজ চাষের উপযোগী করে তোলার জন্য কাজে নেমে পড়েন। এ চরে পেঁয়াজ চাষে বিঘাপ্রতি খরচ হয় ৮ হাজার থেকে ১০ হাজার টাকা। এক বিঘা জমিতে গড়ে ৪০ থেকে ৫০ মণ পেঁয়াজ হয়। পেঁয়াজ বিক্রি করে ভূমিহীন কৃষকেরা কমপক্ষে ছয় মাসের চাল-ডাল কিনতে পারেন।
ভূমিহীন এলাহাজ মিয়া বলেন, ‘মুই এই বালাত পেঁয়াজ, মরিচ, ধান আবাদ করে দুই বেটা আর এক বেটিক পড়ালেখা শিখাইছু। বড় বেটা সজীব অনার্স পাস করি এলা মোর সাথত কাজ করছে। বেটিটাক বিয়া দিছু। আর ছোট চ্যাংরাটা ইন্টার পাস করিয়া ঢাকাত পড়িবা গেইছে।’
শত গ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. কুতুব উদ্দিন বলেন, আগে আত্রাই নদে সারা বছর পানির স্রোত থাকত। বর্তমানে শুষ্ক মৌসুমে পানি থাকে না। ধু ধু বালুচরে এলাকার প্রান্তিক ও ভূমিহীন চাষিরা পেঁয়াজ ছাড়াও নানা সবজির আবাদ করে সচ্ছলতার মুখ দেখছেন।