পেঁয়াজচাষিদের মাথায় হাত!
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার কৃষকেরা এবার পেঁয়াজ ও সবজি চাষ করে ব্যাপক লোকসানের শিকার হয়েছেন। অনেক কৃষক ঋণগ্রস্ত হয়ে পড়ায় মানবেতর জীবন যাপন করছেন।সরেজমিনে গোয়ালন্দ উপজেলার কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার পেঁয়াজ ও সবজি চাষ করে তাঁদের মাথায় হাত পড়েছে। উপজেলার উজানচর ইউনিয়নের চরকরনেশন এলাকার কৃষক ছবদুল বেপারী (৬০) বলেন, ‘প্রায় চার বিঘা জমিতে পিঁয়াজ লাগাইছিলাম। এতে ৮০ হাজার টাকার মতো খরচ হয়েছে। এই জমি থেইকা পিঁয়াজ নিতে মণপ্রতি আরও ১০০ টাকা করে খরচ হইছে। কিন্তু বাজারে দাম পাইছি মণপ্রতি ৩০০ থেকে ৩২০ টাকা। সব পিঁয়াজ বিক্রি শেষে আমার অর্ধেক দামও ওঠেনি।’দৌলতদিয়া ইউনিয়নের নাসির সরদারপাড়ার কৃষক ওসমান সরদার (৩৫) বলেন, ‘৩৭ হাজার টাকার গুটি পিঁয়াজের সঙ্গে ওষুধ, সার, শ্রমিকের মজুরিসহ তিন বিঘা জমিতে পিঁয়াজ চাষ করতে প্রায় ৭২ হাজার টাকা খরচ হয়েছে। এ জন্য আমি ৪০ হাজার টাকা লোন (ঋণ) করেছি। অথচ জমির সব পিঁয়াজ মাত্র ২৭ হাজার টাকায় বিক্রি করেছি। পিঁয়াজের সঙ্গে বেগুন লাগাইছিলাম আরও দুই বিঘা। বেগুনের দাম কম থাকায় এখানেও ২০ হাজার টাকার মতো লোকসান হয়েছে। এখন লোনের টাকা শোধ করব, নাকি সংসার চালাব?’চর দৌলতদিয়ার অবস্থাসম্পন্ন কৃষক গাজী হাওলাদার (৫০) প্রায় দেড় লাখ টাকা খরচ করে ছয় বিঘা জমিতে পেঁয়াজ বুনেছিলেন। কিন্তু সব পেঁয়াজ বিক্রি করে তাঁর খরচের অর্ধেক টাকাও ওঠেনি। একই অবস্থা উজানচর নতুন পাড়ার আলমগীর শেখ, আবুল বিশ্বাসসহ প্রায় সব পেঁয়াজচাষির।উপজেলা কৃষি কর্মকর্তা মো. নুরুল হক প্রথম আলোকে বলেন, এখন কৃষকেরা পেঁয়াজ সংরক্ষণ করে রাখতে পারলে ভবিষ্যতে ভালো দাম পেতে পারেন। তিনি জানান, চলতি মৌসুমে উপজেলায় পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল এক হাজার ৬৫০ হেক্টর। চাষ হয়েছে মোট এক হাজার ৮৭৬ হেক্টর জমিতে। এর মধ্যে মুড়িকাটা পেঁয়াজ এক হাজার ৫১৩ হেক্টর ও হালি পেঁয়াজ ৩৬৩ হেক্টর। এ ছাড়া সবজির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল এক হাজার হেক্টর। সবজির ক্ষেত্রেও লক্ষ্যমাত্রা অতিক্রম করে চাষাবাদ হয়েছে এক হাজার ১৭৭ হেক্টরে। এর মধ্যে টমেটো রয়েছে ৪৯০ হেক্টর ও বেগুন ২৬৫ হেক্টর। ফলনও হয়েছে ভালো।