পেঁয়াজফুলে ভাড়া করা মৌমাছিতে পরাগায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌমাছি-সংকটের কারণে ভাড়া করা মৌমাছি দিয়ে পরাগায়ন ঘটাচ্ছে রাজশাহীর বাগমারার পেঁয়াজচাষিরা। অনেকে মৌমাছি না পাওয়ায় পরাগায়ন ঘটাতে পারছে না। এতে পেঁয়াজবীজ-ঘাটতির আশঙ্কা করছে চাষিরা। বাগমারার পেঁয়াজবীজ সারা দেশে বিখ্যাত। এ অঞ্চলে বীজ না হলে সারা দেশে এর প্রভাব পড়বে বলে কৃষি কর্মকর্তারা জানিয়েছেন। উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, বাগমারায় এবার তিন হাজার ৬৭৫ হেক্টর জমিতে লাল পেঁয়াজের চাষ হয়েছে। এর মধ্যে প্রায় ৫০ হেক্টর জমিতে পেঁয়াজবীজের জন্য কদম (পেঁয়াজফুল) চাষ করছে চাষিরা। এখানকার তাহেরপুরি জাতের বীজ সারা দেশে বিখ্যাত। এ মৌসুমে খেতে মৌমাছি না আসায় চাষিরা হতাশ হয়ে পড়ে। অনেকে ভিন্ন পদ্ধতিতে মৌমাছিদের আকৃষ্ট করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। পরাগায়ন না হলে ফুল থেকে বীজ উৎপাদন ব্যাহত হবে। এতে তারা উদ্বিগ্ন হয়ে পড়ে। নিরুপায় চাষিরা ভাড়া করা মৌমাছি দিয়ে কদমের পরাগায়ন ঘটানো শুরু করে। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে এ দৃশ্য দেখা যায়। মৌমাছিগুলো বাক্স থেকে বের হয়ে খেতে পড়ছে, আবার সেখানে ঢুকে পড়ছে। অনেকে মৌমাছি না পেয়ে পরাগায়ন ঘটাতে পারছে না। উপজেলার বাগমারা বিলে গিয়ে ভাড়া করা মৌমাছি দিয়ে পরাগায়ন ঘটাতে দেখা যায়। শ্রীপুর গ্রামের পেঁয়াজচাষি মোবারক হোসেন জানান, তিনি এবার দুই একর জমিতে পেঁয়াজবীজের জন্য কদম চাষ করেছেন। গাছে কদম আসার পর মৌমাছি না পেয়ে হতাশ হয়ে পড়েন। পরে তিনি তাহির-একডালা গ্রামের মৌচাষি নাজমুলের কাছ থেকে চার হাজার টাকায় ১২টি মৌচাক ভাড়া করে খেতে রেখে পরাগায়ন ঘটিয়েছেন। তিনি জানান, মৌচাষিকে ভাড়া পরিশোধ ছাড়াও তাঁর খেত থেকে যে পরিমাণ মধু হবে তা তিনিই (মৌচাষি) ভোগ করবেন। এটা বাড়তি খরচ বলে তিনি জানান। তাঁর মতে, আগে খেতে মৌমাছিরা এমনিতেই এসে মধু সংগ্রহ করত এবং পরাগায়ন ঘটাত। তাহেরপুরের চাষি আমজাদ হোসেনও একই রকম কথা বলেন। মৌচাষি নাজমুল হক জানান, তিনি মৌমাছি ভাড়া দিয়ে বাড়তি টাকা পাচ্ছেন। এ ছাড়া মধুও সংগ্রহ হচ্ছে। এদিকে অনেকে মৌমাছি ভাড়া না পেয়ে পেঁয়াজফুলের পরাগায়ন ঘটাতে পারেননি। তারা বীজ উৎপাদন করতে পারবে না বলে আশঙ্কা করছে। বাগমারার কৃষি প্রকৌশলী শিবানী নাথ জানান, শুধু পেঁয়াজ নয়, সব ফুলের জন্য পরাগায়ন আবশ্যক। এ ছাড়া বীজ হবে না। বাগমারার পেঁয়াজবীজ সারা দেশে বিখ্যাত। এখানকার বীজের ওপর নির্ভর করে দেশের পিঁয়াজ চাষ। বীজ না হলে সারা দেশে এর প্রভাব পড়বে। মৌমাছি না থাকায় চাষিরা যে ভাড়া করা মৌমাছি দিয়ে পরাগায়ন ঘটাচ্ছে এটা ভালো দিক। রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আলিম উদ্দিন বলেন, নির্বিচারে কীটনাশক ছিটানোর কারণেই উপকারী মাছিগুলো মারা যাচ্ছে আর ক্ষতিকারক মাছিগুলোর টিকে থাকার ক্ষমতা বাড়ছে।