পেঁয়াজের কেজি ৫ টাকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরে প্রতি কেজি দেশি পেঁয়াজ পাঁচ টাকা, বাউকুল পাঁচ টাকা, বাঁধাকপি তিন টাকা ও শিম চার টাকা ধরে বিক্রি হয়েছে। গতকাল সোমবার সকালে সদর থানায় এসব সবজি ও ফল নিলামে উঠলে ওই দামে বিক্রি করা হয়।
অথচ গতকালও শহরের কাঁচাবাজারে পেঁয়াজ ২৩ টাকা, বাঁধাকপি সাত, শিম ১৪ টাকা ও বাউকুল ৩০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।
সদর থানার পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার রাতে শহরের ওয়াপদা মোড়ে সবজিবাহী একটি ট্রাকের ভেতর থেকে ৭৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। পরে ট্রাফিক পুলিশ ট্রাকটি জব্দ করে থানায় নেয়। ওই রাতেই পুলিশ সবজি নিলামে বিক্রি করতে শহরে মাইকযোগে প্রচার চালায়।
ওই ট্রাকে তিন হাজারটি বাঁধা কপি (দেড় হাজার কেজি), চার বস্তা (১০০ কেজি) শিম, ১৫ বস্তা (৭০০ কেজি) পেঁয়াজ ও ১৯ ঝুড়ি (প্রতি ঝুড়ি ২০ কেজি) বাউকুল ছিল। রাতে নিলামে এসব পণ্যের দর ওঠে সাড়ে ১৭ হাজার টাকা। এ কারণে পুলিশ পরদিন আবার নিলামের আহ্বান জানিয়ে শহরে মাইকে প্রচার চালায়।
গতকাল সকালে নিলামে আগের দিনের চেয়ে ১০০ টাকা বেশি ডাক ওঠে। ওই সব পণ্য বিক্রি হয় ১৭ হাজার ৬০০ টাকায়। নিলামে উচ্চ দর হাঁকানো রফিকুল ইসলাম জানান, তাঁরা ১৫ জন সমঝোতার ভিত্তিতে নিলামে অংশ নেন। তাই ওই দরে তাঁরা সবজি কিনতে পেরেছেন। এতে সবজি বিক্রি করে সবার কিছু লাভ হবে।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব প্রথম আলোকে জানান, পচনশীল দ্রব্য হওয়ায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে ওই মালামাল নিলামে তোলা হয়। তাঁরা চেষ্টা করেছেন সর্বোচ্চ দরে পণ্যগুলো বিক্রি করতে। সবজির ভেতর থেকে উদ্ধার করা ফেনসিডিলসহ ট্রাকটি থানায় রয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মাধ্যমে পুলিশ ট্রাকের মালিক ও অন্যান্য তথ্য জেনে এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেবে।