পেঁয়াজের ঝাঁজ বেড়েছে, সবজির বাজারও চড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাজারদর
বাজারদর

বাজারে তরিতরকারির দাম কমছেই না। মাঝে কদিন সবজির দাম খানিকটা কম থাকলেও এখন এসব কিনতে রীতিমতো ঘাম ঝরছে ক্রেতাদের।
অবস্থা কতটা ভয়াবহ, তা সহজেই বোঝা যাবে যদি শোনেন যে বাজারে বরবটির কেজি এখন ৯০ টাকা, ঢ্যাঁড়স কিনতে হচ্ছে ৮০ টাকায় আর কাঁচা মরিচের কেজি ১৮০-২০০ টাকা।
মাস খানেক ধরেই পেঁয়াজ নাকানিচুবানি খাওয়াচ্ছে ক্রেতাদের। সেই পেঁয়াজের দাম আরও বেড়েছে। দেশি পেঁয়াজ ৬৫-৭০ এবং আমদানি করা ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০-৬৫ টাকা কেজি দরে।
ভারতে পেঁয়াজের দাম আরেক দফা বৃদ্ধির কারণে দেশের বাজারেও এর দামে প্রভাব পড়েছে। তবে আশার খবর হচ্ছে, মিয়ানমার থেকে ট্রলারে করে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। এরই মধ্যে ১২৭ টন পেঁয়াজ আমদানিও হয়েছে।
ক্রেতাদের জন্য আরেকটি খুশির খবর হলো, ইলিশের দাম খানিকটা কমেছে। এখন প্রতিটি এক কেজি ওজনের ইলিশ কেনা যাচ্ছে এক হাজার টাকায়। অবশ্য গত বছরের তুলনায় ইলিশের দাম এখনো বেশ চড়া।
গতকাল শনিবার রাজধানীর কারওয়ান বাজার ঘুরে প্রায় সব ধরনের তরিতরকারি বেশি দামে বিক্রি হতে দেখা গেছে। বাজারে প্রতি কেজি করলা ৭০, পটোল ৫০, গোল বেগুন ৬০, পেঁপে ৩৫ টাকায় বিক্রি হয়েছে। কাঁচকলার হালি ৩০ টাকা। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ২০-২৫ টাকায়।
কারওয়ান বাজারের খুচরা ও পাইকারি বিক্রেতারা বলছেন, দেশের বিভিন্ন স্থান থেকে কারওয়ান বাজারে সবজি আসছে কম। সে কারণে সরবরাহ কমে গেছে। ফলে দাম আগের চেয়ে বেড়েছে।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দেশটির কৃষিপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার মহারাষ্ট্রের লাসালগাঁওয়ে প্রতি কুইন্টাল (১০০ কেজিতে এক কুইন্টাল) পেঁয়াজ বিক্রি হয়েছে ৪ হাজার ৯০০ রুপিতে। এ দিন বিক্রি হয় ৩ হাজার ৯০০ কুইন্টাল পেঁয়াজ। অথচ, ঠিক এক বছর আগের এই দিনে এখানে বিক্রি হয় ১৩ হাজার ৮৬০ কুইন্টাল পেঁয়াজ। তা-ও আবার এক-তৃতীয়াংশ কম দামে, ১ হাজার ৬০০ রুপিতে।
এর প্রভাবে ভারতের বাজারেই পেঁয়াজের দাম বেড়ে গেছে। দেশটির রাজধানী দিল্লিতে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ রুপিতে। অবস্থা এমনই বেগতিক যে সব ক্রেতা যেন পেঁয়াজ কিনতে পারেন, তা নিশ্চিত করতে একজন ক্রেতার কাছে এক কেজির বেশি পেঁয়াজ বিক্রি না করতে বিক্রেতাদের নিষেধ করে দিয়েছে আম আদমি সরকার।
ভারতে পেঁয়াজের ওপর অতিনির্ভরশীলতার কারণে দেশেও এর দাম বেড়ে গেছে। ঢাকার অন্যতম বড় পাইকারি বাজার শ্যামবাজারে গত সপ্তাহে যেখানে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হয় ৫২-৫৫ টাকায়, সেখানে গতকাল তা বিক্রি হয়েছে ৬০-৬২ টাকায়। একইভাবে গেল সপ্তাহে ৫০-৫৫ টাকায় বিক্রি হওয়া ভারতীয় পেঁয়াজের কেজি এখন ৬০ টাকা। যদিও বাজারে ভারতীয় পেঁয়াজ এখন খুবই কম।
শ্যামবাজারের পেঁয়াজ, রসুন, আদার আমদানিকারক ও রতন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রতন সাহা প্রথম আলোকে বলেন, ‘বেঙ্গালুরুর পেঁয়াজটা এখনো সেভাবে দেশে আসছে না। এর ফলনও ভালো হয়নি। সে কারণে ভারতেও পেঁয়াজের দাম বেড়েছে। আমাদের ভাগ্য ভালো যে, দেশি পেঁয়াজের মজুত এখনো প্রচুর আছে। নইলে পেঁয়াজের দাম আরও বেশি হতো।’
এদিকে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর দিয়ে গত বৃহস্পতিবার বিকেলে মিয়ানমার থেকে একটি ট্রলারে ১২৭ টন পেঁয়াজ আমদানি হয়েছে। এসব পেঁয়াজ খালাসের পর দেশের বিভিন্ন জেলা সদরে সরবরাহ করেছেন ব্যবসায়ীরা।
দাম বেড়েছে আমদানি করা চীনা রসুনেরও। কয়েক দিন আগেও চীনা রসুনের কেজি ছিল ৯০-১০০ টাকা। এখন বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকায়। তবে দেশি রসুনের দাম আছে আগের মতোই। প্রতি কেজি দেশি রসুন বিক্রি হচ্ছে ৭৫-৮০ টাকায়।
এদিকে ইলিশের দাম খানিকটা কমেছে। কারওয়ান বাজারের বিক্রেতারা বলছেন, বর্ষা মৌসুমের প্রচুর ইলিশ এখন ধরা পড়ছে। তাই মোকামে ইলিশের দাম কমেছে। ঢাকার বাজারেও কম দামের ইলিশ আসতে শুরু করেছে। সে কারণে এর সরবরাহ বেড়েছে, দামও কমেছে।
বাজারে ছোট আকারের রুই মাছের কেজি ২০০-২৩০ টাকা। কাতলের কেজি ২২০-২৫০ টাকা। তেলাপিয়া বিক্রি হচ্ছে ১৩০-১৭০ টাকায়। পাঙাশের কেজি ১৩০-১৫০ টাকা।
বাজারে ব্রয়লার মুরগি ও ডিম দুটোরই দাম বেড়েছে। ফার্মের ডিমের হালি এখন ৩৭-৩৮ টাকা। এক ডজন ডিম কিনলে ক্রেতাকে গুনতে হচ্ছে ১১০ টাকা। ব্রয়লার মুরগির কেজি এখন ১৪৫-১৫৫ টাকা। এই মুরগি ৮-১০ দিন আগেও কেনা যেত ১৩৫-১৪০ টাকায়।