পেঁয়াজের দাম কম, কৃষকের মাথায় হাত
শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নের মাঝিকান্দি গ্রামের কৃষক কোরবান ব্যাপারী পাঁচ বিঘা জমিতে পেঁয়াজের আবাদ করেছেন। উৎপাদিত পেঁয়াজ বিক্রি করে তাঁর বিঘাপ্রতি লোকসান হয়েছে ১১ হাজার টাকা। পাঁচ বিঘা জমিতে লোকসান হয়েছে ৫৫ হাজার টাকা। কোরবান ব্যাপারীর মতো এমন অবস্থা শরীয়তপুরের কয়েক হাজার কৃষকের।
কোরবান ব্যাপারী প্রথম আলোকে বলেন, ‘একটু বেশি দামে পেঁয়াজ বিক্রি করার জন্য ঢাকার শ্যামবাজারে গিয়েছিলাম। সেখানে যাতায়াতের খরচ বাদ দিয়ে প্রতি কেজি ১২ টাকা দামে বিক্রি করতে হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমার প্রতি বিঘা জমিতে পেঁয়াজের আবাদে খরচ হয়েছে বীজ ১০ হাজার, সার ৫ হাজার, শ্রমিক ১৮ হাজার ৫০০ ও কীটনাশক ১ হাজার ৫০০ টাকা মিলে মোট ৩৫ হাজার টাকা। প্রতি বিঘা জমিতে ৫০ মণ পেঁয়াজ উৎপাদন হয়েছে। প্রতি কেজি ১২ টাকা দরে বিক্রয় মূল্য ২৪ হাজার টাকা।’
শরীয়তপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, চলতি মৌসুমে জেলায় ২৫ হাজার ৬০৬ বিঘা জমিতে পেঁয়াজের আবাদ করেছেন কৃষক। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ৩৩ হাজার ২৯৩ মেট্রিক টন পেঁয়াজের উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। কৃষকের হিসাব অনুযায়ী, প্রতি কেজি পেঁয়াজে লোকসান হচ্ছে সাড়ে পাঁচ টাকা। সে হিসাবে এ বছর শরীয়তপুরে কৃষকের ১৮ কোটি ৩১ লাখ টাকা লোকসান হবে।
জাজিরা উপজেলার জয়নগর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, এ বছর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া লক্ষ্যমাত্রার চেয়ে উৎপাদন ভালো হয়েছে। কিন্তু বাজারদর কম থাকায় কৃষকের মাথায় হাত পড়েছে। অক্টোবরে আবাদ শুরু হয়েছে জানুয়ারির শেষ সপ্তাহ পর্যন্ত পেঁয়াজ উত্তোলন করা হবে। এখন পর্যন্ত ৩০ ভাগ কৃষক পেঁয়াজ উত্তোলন করেছেন।
নড়িয়া উপজেলার নশাসন শাওরা গ্রামের কৃষক সেকেন্দার মিয়া আট হাজার টাকা দিয়ে এক বিঘা জমি ভাড়া নিয়ে পেঁয়াজের আবাদ করেছেন। জমি ভাড়াসহ তাঁর খরচ হয়েছে ৪৩ হাজার টাকা। তিনি উৎপাদিত ৫২ মণ পেঁয়াজ স্থানীয় ডগ্রি বাজারে প্রতি কেজি ১৩ টাকা দরে বিক্রি করেছেন ২৭ হাজার টাকায়। তিনি বলেন, ‘আমরা রক্ত-ঘাম ফেলে ফসল উৎপাদন করব। আর বাজারে তার দাম পাব না, এটা হতে পারে না। এভাবে চলতে থাকলে আস্তে আস্তে মানুষ কৃষিকাজ ছেড়ে দেবে। সরকারের উচিত কৃষকের উৎপাদিত ফসলের দাম নিয়ন্ত্রণ করা।’
গত বৃহস্পতিবার শরীয়তপুরের বিভিন্ন খুচরা বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি পেঁয়াজ ২০ টাকা দামে বিক্রি হচ্ছে। জেলা শহরের পালং বাজারের ব্যবসায়ী শাহ আলম বলেন, ‘কৃষকদের কাছ থেকে আড়তের মাধ্যমে পাইকারেরা পেঁয়াজ কেনেন। আড়তের খাজনা ও যাতায়াতের ভাড়া দিয়ে আমাদের কেজিপ্রতি ১৬ থেকে ১৭ টাকা দাম পড়ে যাচ্ছে।’
শরীয়তপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কবির হোসেন বলেন, এ বছর পেঁয়াজের আবাদের লক্ষ্যমাত্রা ও উৎপাদনের লক্ষ্যমাত্রা দুটিই বেড়েছে। কিন্তু দুঃখের বিষয়, বাজারে পেঁয়াজের দাম কম।