পেঁয়াজের দাম কম, হতাশ চাষি, মজুতের হিড়িক
দেশের অন্যতম পেঁয়াজ উৎপাদনকারী এলাকা পাবনার সাঁথিয়ার ৯৫ ভাগ পেঁয়াজ এরই মধ্যে কৃষকের ঘরে উঠেছে। নতুন পেঁয়াজ বাজারে বিক্রি করতে গিয়ে ন্যায্য দাম না পেয়ে হতাশ চাষিরা।
তবে দাম কম হওয়ায় পেঁয়াজ কিনে তা মজুত করায় ব্যস্ত হয়ে পড়েছেন অনেকে। গতবার পেঁয়াজের দাম আকাশছোঁয়া হওয়ায় এবার সাধারণ ব্যবসায়ী, মুদি দোকানি, স্কুল-কলেজের শিক্ষকসহ অনেকে বেশি লাভের আশায় পেঁয়াজ মজুত করে রাখছেন।
সাঁথিয়া উপজেলার কাশীনাথপুর হাটে পেঁয়াজ বিক্রি করতে আসা গোপালপুর গ্রামের মানিক মিয়া বলেন, ‘আমরা মাথার ঘাম পায়ে ফেলায়া পেঁয়াজ উৎপাদন কইর্যা বছর বছর লস দিই। অথচ আমাগরে পেঁয়াজ কিইন্যা যারা বাঁধাই (মজুত) করে তারা দুই-তিন গুণ লাভ করে।’
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সাঁথিয়ার ১১ হাজার হেক্টর জমিতে এবার পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়। আবাদ হয়েছে প্রায় ১১ হাজার ৮০০ হেক্টর জমিতে। গতবার দাম বেশি হওয়ায় এবার পেঁয়াজ চাষের হিড়িক পড়ে যায়। আবহাওয়া অনুকূল হওয়ায় ফলনও হয়েছে ভালো। ফলে বাজারে পেঁয়াজের সরবরাহ বেড়ে যাওয়ায় দাম গেছে কমে। পেঁয়াজচাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি মণ পেঁয়াজ বিক্রি করে গড়ে তাঁদের ১০০ টাকার মতো লোকসান হচ্ছে।
সরেজমিনে উপজেলার কাশীনাথপুর ও করমজা পেঁয়াজের হাট ঘুরে পেঁয়াজের ব্যাপক আমদানি লক্ষ করা গেছে। হাটে প্রতি মণ পেঁয়াজ ৪০০ থেকে ৭৫০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে।
করমজা হাটে ৬০০ টাকা মণ দরে পেঁয়াজ বিক্রির পর উপজেলার শহীদনগর গ্রামের নূরজামাল বলেন, ‘এবার ফলন ভালো হওয়ায় ভাবছিল্যাম পেঁয়াজে ভালো লাভ হবি। কিন্তু লাভ তো দূরের কথা, দাম কম হওয়ায় মণে ১০০ টাকার মতো লস হতেছে।’ আবদুর রউফ, রজব আলীসহ বেশ কয়েকজন পেঁয়াজচাষি আক্ষেপ করে বলেন, ঘরে পেঁয়াজ রাখতে পারলে কিছুদিন পর হয়তো ভালো দাম পাওয়া যেত। কিন্তু পেঁয়াজ চাষ বাবদ নেওয়া ঋণের চাপে এবং সংসারের খরচ মেটাতে বাধ্য হয়ে সব পেঁয়াজ বিক্রি করে দিতে হচ্ছে। লাভ হচ্ছে মজুতদারদের।
এদিকে সরেজমিনে হাট ঘুরে দেখা গেছে, নিয়মিত পেঁয়াজ ব্যবসায়ীদের চেয়ে হাটে মজুতদারদের আনাগোনা তুলনামূলকভাবে বেশি। গতবার পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় অনেকেই বেশি লাভের আশায় পেঁয়াজ মজুত করে রাখছেন।
পেঁয়াজ মজুত রাখার জন্য মাটির ওপর বিশেষ ধরনের খোলামেলা মাচা বা চাঙ তৈরি করারও হিড়িক পড়েছে। চাঙ বা মাচা তৈরির জন্য বিশেষ ধরনের বাঁশের ছিদ্রযুক্ত চাটাই (স্থানীয়ভাবে খাঁচি বলা হয়) বিক্রি হচ্ছে গতবারের চেয়ে চার-পাঁচ গুণ বেশি দামে।
পেঁয়াজের হাটের পাশের ফজলু মিয়া নামের এক চাটাই ব্যবসায়ী বলেন, ‘গতবার খাঁচি ১২০-১৩০ টাকায় বিক্রি হইছে। এবার পেঁয়াজ বাঁধাইয়ের হিড়িক পড়ছে দেইখ্যা, প্রতিটি খাঁচি বিক্রি হতেছে ৪৫০ টাকায়।’
নাম প্রকাশ না করার শর্তে হাটে পেঁয়াজ কিনতে আসা এক স্কুলশিক্ষক বলেন, ‘কখনো পেঁয়াজ বাঁধাই করি নাই। কিন্তু এবার ৫০০ মণ পেঁয়াজ বাঁধাইয়ের ইচ্ছা করিছি। এ জন্নে বাড়িতে নতুন চাঙ বানাইছি।’
সাঁথিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, উপজেলায় এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পেঁয়াজের আবাদ হয়েছে। প্রতি বিঘায় ফলনও হয়েছে ৪০ মণের বেশি। তবে বাজারে দাম আরেকটু বেশি হলে কৃষকদের জন্য ভালো হতো।