ভোক্তাদের কয়েক মাস ভুগিয়ে অবশেষে রাজধানীর বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। খুচরা বাজারে গত দুই দিনে দেশি পেঁয়াজের দাম কেজিতে ১৫ টাকা এবং আমদানি করা পেঁয়াজের দাম কেজিতে কমেছে ২৫ টাকা।
সরবরাহব্যবস্থা স্বাভাবিক থাকলে এই নিত্যপণ্যটির দাম আরও কমবে বলে ব্যবসায়ীরা আশা করছেন। সরবরাহ ভালো থাকায় কমছে শীতকালীন সবজির দামও। তবে বেড়েছে পাম তেল, আদা, রসুন ও ব্রয়লার মুরগির দাম।
গতকাল শুক্রবার কারওয়ান বাজার, হাতিরপুল ও সেগুনবাগিচা কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি দেশি পেঁয়াজ ৮৫ থেকে ৯০ টাকায় বিক্রি হয়েছে। আমদানি করা পেঁয়াজের দাম ছিল ৭০ থেকে ৭৫ টাকা। ব্যবসায়ীরা জানান, ভারতে পেঁয়াজের দাম কমায় এবং বাজারে নতুন দেশি পেঁয়াজ ওঠায় পাইকারি ও খুচরা পর্যায়ে দাম কমতির দিকে। আগের সপ্তাহে খুচরা বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ ১০০ থেকে ১০৫ টাকা এবং আমদানি করা পেঁয়াজ ৯৫ থেকে ১০০ টাকায় বিক্রি হয়েছিল।
ব্যবসায়ীরা জানান, ভারতে দফায় দফায় পেঁয়াজের দাম বাড়ার কারণে বাজারে সরবরাহ সংকট দেখা দিয়েছিল। এ কারণে দামও ছিল চড়া। এখন সরবরাহ বাড়ছে। তাই সামনে দাম আরও কমবে কি না, তা নির্ভর করবে রাজনৈতিক পরিস্থিতির ওপর।
সরবরাহ বৃদ্ধির কারণে শিম, ফুলকপি, বাঁধাকপিসহ বিভিন্ন শীতকালীন সবজির দামও কমছে। টমেটোর কেজি ১২০ টাকা থেকে কমে ৮০-১০০ টাকায় বিক্রি হচ্ছে। নতুন আলু ১০০ টাকা থেকে কমে ৮০ টাকা কেজি হয়েছে। গাজর ১০০ টাকা থেকে কমে ৬০ টাকা, করলা ৬০ টাকা থেকে কমে ৫০ টাকা, বেগুন ৬০ টাকা থেকে কমে ৫০ টাকা হয়েছে। প্রতি কেজি কাঁচা মরিচ ১০০ টাকায় বিক্রি হয়েছে।
বেসরকারি ব্যাংকের কর্মকর্তা আলেয়া পারভীন সেগুনবাগিচা কাঁচাবাজারে প্রথম আলোকে বলেন, ‘শীতের সবজির সরবরাহ বেশি দেখা যাচ্ছে। সে তুলনায় দাম কমেছে সামান্যই। তেল-চিনির সিন্ডিকেটের মতো সবজির বাজারেও কারওয়ান বাজারকেন্দ্রিক সিন্ডিকেট রয়েছে। অথচ বাণিজ্য মন্ত্রণালয় বিষয়টি আমলে নিচ্ছে না।’
এ বিষয়ে বাণিজ্যসচিব মাহবুব আহমেদ বলেন, পেঁয়াজের দাম পাইকারি বাজারের তুলনায় খুচরা বাজারে কম কমেছে। বাজার তদারক কমিটির তদন্ত দল শনিবার (আজ) থেকে এ বিষয়টি তদারক করবে। সবজির বাজারেও সিন্ডিকেট আছে কি না, দলটি তাও খুঁজে দেখবে।
এদিকে, প্রতি কেজি ব্রয়লার মুরগি ১১০-১১৫ টাকা থেকে বেড়ে গতকাল ১২৫-১৩৫ টাকায় বিক্রি হয়। দেশি ও আমদানি করা আদার দামও কেজিতে ১০ টাকা বেড়েছে। কেজিতে পাঁচ টাকা বেড়েছে রসুনের দাম। আগের সপ্তাহে ৭০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হওয়া রসুন গতকাল বিক্রি হয় ৭৫ থেকে ৮৫ টাকায়।
পাম তেল লিটারে এক থেকে দুই টাকা বেড়ে ৭২ থেকে ৭৩ টাকায় বিক্রি হচ্ছে।
এ ছাড়া সব ধরনের চাল, আটা, ময়দা, ডাল, চিনি, সয়াবিন তেল, মাছ, মাংস, ডিমসহ অন্যান্য নিত্যপণ্যের দাম প্রায় স্থিতিশীল রয়েছে।