পেঁয়াজের দাম বাড়ছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র রমজান শুরুর পর চট্টগ্রামে দফায় দফায় বাড়ছে পেঁয়াজের দাম। বাজার ও এলাকাভেদেও দামে হেরফের হচ্ছে। ১০ দিনের ব্যবধানে খুচরা পর্যায়ে পেঁয়াজের দাম ১৩ থেকে ১৫ টাকা বেড়েছে। বাড়তি দামে কিনতে গিয়ে হিমশিম খাচ্ছেন স্বল্প আয়ের লোকজন।
পর্যাপ্ত মজুত থাকার পরও দাম বাড়ার যৌক্তিক কারণ খুঁজে পাচ্ছেন না ভোক্তারা। যদিও বাড়ন্ত দামের কারণ হিসেবে খুচরা ব্যবসায়ীরা যথারীতি পাইকারি ব্যবসায়ীদের দায়ী করছেন। আর পাইকারি ব্যবসায়ীরা বলছেন, ভারতেই পেঁয়াজের দাম বেড়েছে।
খুচরা বাজারে এখন প্রতি কেজি পেঁয়াজ ৪৩ থেকে ৪৮ টাকায় বিক্রি হচ্ছে। রমজান শুরুর আগে খুচরা মূল্য কেজিতে ৩০ থেকে ৩২ টাকা ছিল।
ষোলশহর কর্ণফুলী কমপ্লেক্স কাঁচাবাজারের খুচরা ব্যবসায়ী খলিলুর রহমান প্রথম আলোকে জানান, গত সোমবার তিনি খাতুনগঞ্জ থেকে কেজিপ্রতি ৪০ টাকা দরে পেঁয়াজ কিনেছেন। রোজার আগে ২৬ থেকে ২৮ টাকা ছিল পাইকারি দাম। এ দাম সামনে আরও বাড়তে পারে।
কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম নাজের হোসাইন প্রথম আলোকে বলেন, ‘রোজার আগে জেলা প্রশাসকের কার্যালয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে পেঁয়াজ ব্যবসায়ীরা জানিয়েছিলেন, পর্যাপ্ত পেঁয়াজ মজুত আছে। রমজান মাসে দাম বাড়বে না। অথচ ভারতে দাম বাড়ার অজুহাতে এখানে দাম বাড়ানো হয়েছে।’
ভারতে পেঁয়াজের দাম বাড়লেও বাংলাদেশ এখনো তা আমদানি করেনি উল্লেখ করে নাজের হোসাইন আরও বলেন, ‘কৃত্রিম সংকট দেখিয়ে পেঁয়াজের এই দাম বৃদ্ধি অনৈতিক। মুনাফার লোভেই এটি করা হচ্ছে।’ পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী ও খাতুনগঞ্জ হামিদউল্লাহ মিয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. ইদ্রিস অবশ্য বলেছেন, চট্টগ্রামে পেঁয়াজের দাম বাড়ার জন্য এখানকার ব্যবসায়ীরা দায়ী নন। কারণ, চট্টগ্রামে কোনো আমদানিকারক নেই। বেনাপোল থেকেই এখানকার ব্যবসায়ীদের বেশি দামে কিনতে হচ্ছে।
তবে মজুত করা পেঁয়াজের একটা অংশ নষ্ট হতে শুরু করায় গত দুই দিনে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে বলে দাবি করেন মো. ইদ্রিস।