পেঁয়াজের দাম বাড়লেও চাষির মুখে হাসি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান পেঁয়াজ উৎপাদনকারী দুই উপজেলা পাবনার সুজানগর ও সাঁথিয়ার কৃষকেরা তিন-চার বছর ধরে লোকসান গুনেছেন। চলতি বছর লোকসান না দিলেও তেমন লাভ পাননি। কারণ পেঁয়াজ ওঠার আগেই নিম্ন ও মধ্যবিত্ত চাষিরা ৮০০ থেকে ১০০০ টাকা মণ দরে বিক্রি করে দিয়েছেন। এখন সেই পেঁয়াজের দাম প্রতি মণ প্রায় আড়াই হাজার টাকা।
পেঁয়াজের বাজারদর নিয়ে কথা উঠতেই সাঁথিয়ার চরভদ্রকোলা গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক এক চাষি বলেন, ‘আমাগরে মতো গরিব চাষির পেঁয়াজ আবাদে লাভ নাই। লাভ পায় মজুতদার, ব্যবসায়ী আর অবস্থাপন্ন কৃষকেরা। কারণ আমাগরে ঘরে যখন পেঁয়াজ থাকে না, তখনই বাড়ে পেঁয়াজের দাম। তাই পেঁয়াজের দাম বাড়ায় আমাগরে কী?’
ওই কৃষকের মতোই অবস্থা সুজানগর-সাঁথিয়ার নিম্ন ও মধ্যবিত্ত প্রায় সব পেঁয়াজচাষির। সংসারের খরচ মেটাতে ও চাষ বাবদ নেওয়া ঋণ শোধের জন্য এবারও তাঁরা পেঁয়াজ ওঠার আগেই তা বিক্রি করেছেন।
সুজানগর ও সাঁথিয়া উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, দেশের সব উপজেলার মধ্যে সুজানগরে সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপন্ন হয়। চলতি বছর এ উপজেলার ১৪ হাজার ৫০০ হেক্টর জমিতে পেঁয়াজের চাষ হয়। মোট পেঁয়াজ উৎপাদিত হয়েছে প্রায় ৪৪ লাখ মণ। আর সাঁথিয়ায় ১২ হাজার ৫০০ হেক্টর জমিতে প্রায় ৩৮ লাখ মণ পেঁয়াজ উৎপাদিত হয়।
কৃষকেরা বলেন, দুই উপজেলায় মূলকাটা ও হালি পদ্ধতিতে পেঁয়াজের আবাদ হয়। মূলকাটা পদ্ধতির পেঁয়াজের আবাদ শুরু হয় সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে। আর হালি পদ্ধতিতে চাষ শুরু হয় ডিসেম্বরের মাঝামাঝি সময়ে। সে হিসেবে কিছুদিন পরই দুই উপজেলায় শুরু হবে মূলকাটা পদ্ধতিতে পেঁয়াজের আবাদ। আবাদের পর সেই পেঁয়াজ ঘরে উঠতে সময় লাগবে তিন থেকে সাড়ে তিন মাস। বর্তমানে পেঁয়াজের এমন দাম দেখে ইতিমধ্যেই পেঁয়াজচাষিরা প্রস্তুতি নিতে শুরু করেছেন। তবে পেঁয়াজ ওঠার আগামী মৌসুমে দাম কোথায় গিয়ে দাঁড়াবে তা নিয়ে শঙ্কায় তাঁরা।
গত মঙ্গলবার উত্তরাঞ্চলের অন্যতম কাঁচামাল বিক্রির হাট সাঁথিয়ার করমজা হাট ঘুরে পেঁয়াজের প্রচুর সরবরাহ লক্ষ করা গেছে। হাটে ওঠা পেঁয়াজের সবই স্থানীয় (দেশি)। এসব পেঁয়াজ বিক্রি হতে দেখা গেছে ২ হাজার ৪০০ থেকে আড়াই হাজার টাকা মণ দরে।
হাটের দুজন পেঁয়াজের আড়তদার ও চার-পাঁচজন ব্যবসায়ী বলেন, মজুতদার ও অবস্থাপন্ন কৃষকের ঘরে প্রচুর পেঁয়াজ আছে। এসব পেঁয়াজই এখন হাটে উঠছে। পবিত্র ঈদুল আজহার সময় ভালো দাম পাওয়ার আশায় অনেকেই পেঁয়াজ ধরে রেখেছেন। আড়তদার ও ব্যবসায়ীরা জানান, সাধারণত দিনে পাঁচ থেকে ছয় ট্রাক আর হাটের দিনে ২০ থেকে ২৫ ট্রাক পেঁয়াজ এ হাট থেকে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে।
সুজানগর উপজেলা কৃষি কর্মকর্তা ময়নুল হক সরকার ও সাঁথিয়া উপজেলা কৃষি কর্মকর্তা রঞ্জন কুমার প্রামাণিক বলেন, পেঁয়াজের দাম বেশি হওয়ায় এবার পেঁয়াজ চাষে কৃষকদের আগ্রহ বেড়েছে। এতে গতবারের চেয়ে দুই উপজেলায় আরও ৫০০ হেক্টর করে পেঁয়াজের আবাদ বাড়বে বলে তাঁরা আশা করছেন।