পেঁয়াজের দাম বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হাটবাজারে পেঁয়াজের দাম বেড়ে গেছে। ব্যবসায়ীরা জানান, ভারত থেকে পেঁয়াজ আসছে কম। সীমান্ত এলাকায় দাম রাখা হচ্ছে বেশি। এ ছাড়া শাকসবজি, মুরগির বাজার এখনো স্থিতিশীল রয়েছে। আগামীকাল শবে বরাত উপলক্ষে আজ রোববার থেকে দাম বাড়তে পারে বলে জানান ব্যবসায়ীরা। গতকাল শনিবার নগরের রিয়াজউদ্দিন বাজারে পেঁয়াজের পাইকারি মূল্য ছিল প্রতি কেজি ৩০-৩১ টাকা। কিন্তু গত সপ্তাহে বিক্রি হয়েছে ২৩-২৪ টাকা কেজি দরে। বাজারের দোকানি আহমদ উল্লাহ বলেন, ‘দাম বাড়ার ক্ষেত্রে আমাদের কোনো হাত নেই। সরবরাহ কমে গেলে দাম তো বাড়বেই। ভারত থেকে পেঁয়াজ কম আসছে বলে দাম বাড়তি।’ পেঁয়াজ খুচরা বিক্রি হচ্ছে ৩৩-৩৬ টাকা কেজি দরে। রসুন বিক্রি হচ্ছে ৬০-৬৫ এবং আদা ৭০-৭৫ টাকা দরে। ছোট-বড় ব্রয়লার মুরগি এখনো ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহেও একই দর বহাল ছিল। দেশি মুরগি বিক্রি হয় ৩০০-৩২০ টাকা। চৌমুহনী কর্ণফুলী বাজারের দোকানি শরিফ হোসেন বলেন, শবে বরাত উপলক্ষে রোববার থেকে মুরগির দাম কিছুটা বাড়তে পারে। বিভিন্ন সবজির মধ্যে গতকাল বরবটি ৩০-৩২, ঢ্যাঁড়স ২৫-২৬, টমেটো ৩৫-৩৮, করলা ৩৬-৪০, চিচিঙ্গা ১৬-২০, মিষ্টি কুমড়া ১২-১৫, বেগুন ৩০-৩২, কচুরছড়া ২৪-২৫ টাকা কেজিতে বিক্রি হয়। গাঁজর ৪৮-৫০ টাকা, ধনেপাতা ১৩০-১৪০ টাকা।