পেঁয়াজের দাম বেড়েছে কমেছে নতুন আলুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাইকারি ও খুচরা বাজারে পেঁয়াজের দাম আবারও বেড়েছে। শাকসবজির মধ্যে নতুন আলুর দাম কিছুটা কমেছে। সরবরাহ বেড়েছে বলে দাম কমতির দিকে। গতকাল শনিবার চট্টগ্রাম নগরের কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, ভারত থেকে আমদানি করা নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৬-৪০ টাকা কেজি দরে। আর পুরোনো পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০-৩৫ টাকায়। গত সপ্তাহে পেঁয়াজের দর ছিল ৩২ থেকে ৩৮ টাকা। গতকাল রসুন বিক্রি হচ্ছিল ৮০-৯০ টাকা কেজি দরে। গতকাল খাতুনগঞ্জের পাইকারি বাজারে নতুন পেঁয়াজের কেজি ছিল ৩৫ টাকা ও পুরোনো পেঁয়াজ বিক্রি হয় ২৮ টাকা কেজি দরে। আর খুচরা বাজারে দাম ছিল ৩৭ ও ৩০ টাকা কেজি। পাইকারি বাজারে রসুনের কেজি ছিল ৭৫ টাকা এবং খুচরা বাজারে ৮০ টাকা। পেঁয়াজের দাম বাড়া প্রসঙ্গে খাতুনগঞ্জের হাজি খুইল্লামিয়া ট্রেডার্সের মালিক মোহাম্মদ লোকমান প্রথম আলোকে বলেন, ‘ভারত থেকে পেঁয়াজ আসছে কম। সম্ভবত সেখানে উৎপাদন কমে গেছে। তা ছাড়া সম্প্রতি পরিবহন খরচ বেড়ে যাওয়ার প্রভাবও পড়েছে বাজারে।’চট্টগ্রাম নগরের রিয়াজ উদ্দিন বাজারে নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৭-৩৮ এবং পুরোনো পেঁয়াজ ৩০-৩২ টাকায়। রসুন বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে। প্রায় দুই কিলোমিটার দূরে কাজীর দেউড়ি বাজারে নতুন পেঁয়াজ বিক্রি হয় দোকানভেদে ৩৯-৪০ টাকা কেজি এবং রসুনের দাম হাঁকা হয় ৮৫-৯০ টাকা কেজি। পাহাড়তলী বাজারে নতুন পেঁয়াজ বিক্রি হয়েছে ৩৬ টাকায় এবং পুরোনো পেঁয়াজ ৩০ টাকা কেজি দরে। বাজার ঘুরে দেখা গেছে, অন্যান্য সবজির তুলনায় বাজারে নতুন আলুর দাম কমেছে। রিয়াজ উদ্দিন বাজারে নতুন আলু বিক্রি হয় ৩০-৩২ টাকা এবং পুরোনো আলুর দাম রাখা হয় ২২-২৪ টাকা। কাজীর দেউড়িতে নতুন আলু ৪০-৪৫ এবং পুরোনো আলু বিক্রি হয় ২৫-৩০ টাকা কেজিতে। অপরদিকে পাহাড়তলী কাঁচাবাজারে নতুন আলুর কেজি ছিল ৩০ টাকা এবং পুরোনো আলু বিক্রি হয় ২২ টাকা কেজি দরে। এ ছাড়া মুরগি ও অন্যান্য সবজির দাম প্রায় সব কয়টি বাজারেই অপরিবর্তিত ছিল।কাজীর দেউড়ি বাজারে শাকসবজি কিনতে আসা ক্রেতা আরিফুল হক বলেন, ‘এমনিতেই আমরা শাকসবজি-তরিতরকারির দাম নিয়ে দিশেহারা। সেখানে একই শহরের মধ্যে পাইকারি ও খুচরা বাজারে দামের এত পার্থক্যে অবাক হওয়া ছাড়া উপায় নেই।’