পেঁয়াজের দাম বেড়েছে তবু লোকসানে কৃষক
তিন দিনের ব্যবধানে পাবনায় পেঁয়াজের দাম দ্বিগুণ হয়েছে। গতকাল বৃহস্পতিবার সাঁথিয়া উপজেলার কাশীনাথপুর হাটে পেঁয়াজ বেচাকেনা হয়েছে ৪০০ থেকে ৬০০ টাকা মণ দরে। ২৯ জানুয়ারি একই হাটে প্রতি মণ পেঁয়াজ বিক্রি হয়েছে ১৫০ থেকে ২৫০ টাকায়। দাম বাড়ার পরও পেঁয়াজচাষিদের মুখে হাসি দেখা দেখা যায়নি। কারণ, এই দামে বিক্রি করলেও চাষিদের লোকসান গুনতে হচ্ছে।পেঁয়াজ ব্যবসায়ী ও চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, একদিকে ভারত থেকে কয়েক দিন পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে, আরেকদিকে নতুন পেঁয়াজ প্রায় শেষের দিকে। যাঁদের জমিতে এখনো পেঁয়াজ রয়েছে দাম বাড়ার আশায় তাঁরা খুব একটা তুলছেন না। আর এতেই বাজারে পেঁয়াজের দাম বাড়তে শুরু করেছে। ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকলে এভাবে দাম বাড়তেই থাকবে বলে পেঁয়াজ ব্যবসায়ীরা জানান। সংশ্লিষ্ট কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, পাবনার সুজানগর ও সাঁথিয়া উপজেলা দেশের প্রধান পেঁয়াজ উৎপাদনকারী উপজেলা। এর মধ্যে সুজানগর দেশের সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদনকারী উপজেলা। গত বছর এ উপজেলায় সাড়ে ১১ হাজার হেক্টর জমিতে এবং সাঁথিয়া উপজেলায় ১১ হাজার হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছিল। এবারও দুই উপজেলায় একই পরিমাণ জমিতে পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। পেঁয়াজচাষি ও ব্যবসায়ীরা জানান, ৩১ জানুয়ারি থেকে হাটে পেঁয়াজের দাম বাড়তে থাকে। এর পর থেকে দুই দিন ধরে দাম বাড়া অব্যাহত রয়েছে। মাত্র তিন দিনের ব্যবধানে পেঁয়াজের দাম দ্বিগুণেরও বেশি হয়ে গেছে। গতকাল কাশীনাথপুর হাটে পেঁয়াজ বিক্রি করতে আসা উপজেলার শহীদনগর গ্রামের কৃষক আবদুল হাকিম হিসাব দিয়ে জানান, তাঁর দেড় বিঘা জমিতে পেঁয়াজের আবাদে এবার মোট খরচ হয়েছে প্রায় ২২ হাজার টাকা। জমি থেকে তিনি পেঁয়াজ পেয়েছেন প্রায় ৩৫ মণ। এমন দামে তাঁর সব পেঁয়াজের দাম আসে ১৯ হাজার টাকার সামান্য বেশি। তার মানে পেঁয়াজের দাম দ্বিগুণের বেশি হওয়ার পরও তাঁকে লোকসান দিতে হচ্ছে।পাইকরহাটি গ্রামের কৃষক জানে আলম জানান, মৌসুমের প্রথম দিকে এক বিঘা জমিতে যে পেঁয়াজ লাগিয়েছিলেন, তা সপ্তাহ খানেক আগে তুলে ১৮০ টাকা মণ দরে বিক্রি করেছেন। পরে লাগানোয় তাঁর দুই বিঘা জমিতে এখনো পেঁয়াজ রয়েছে। তিনি বলেন, ‘এভাবে দাম বাড়তি থাকলি লোকসান কিছুটা পোষানো যাবি। এ জন্নে আমার মতো ম্যালা কৃষকই জমির থ্যা আপাতত পেঁয়াজ তুলা বন্ধ রাখিছে। তবে এলাকার বেশির ভাগ পেঁয়াজই তুলা হয়া গেছে।’কাশীনাথপুর হাটের পেঁয়াজের আড়ত ভাই ভাই ভান্ডারের মালিক আমিরুল ইসলাম বলেন, ‘আমরা জানতে পারিছি, ভারতের থ্যা পেঁয়াজ আমদানি আপাতত বন্ধ রইছে। তার ওপর হাটে চাষিরা পেঁয়াজ কম আনায় আমদানি কুইম্যা গেছে। এ জন্নে দাম বাড়তির দিকে। অন্য বছর এ সময় ঢাকাসহ বিভিন্ন এলাকায় প্রতি হাটে এখানের থ্যা ২৫ ট্রাকেরও বেশি পেঁয়াজ যাইত। অথচ আইজ ১০-১২ ট্রাকের মতো যাত্যাছে।’