পেঁয়াজের বীজ গজাচ্ছে না, বিপাকে কৃষকেরা
পেঁয়াজের বীজ (মুড়ি পেঁয়াজ) বপনের দুই সপ্তাহ পরও না গজানোর ফলে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার কৃষকেরা শঙ্কিত হয়ে পড়েছেন।উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবার উপজেলায় এক হাজার ৫০০ হেক্টরে পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পুরোদমে মৌসুম চললেও এ পর্যন্ত চাষ হয়েছে ৩০৭ হেক্টর। যথাসময়ে মুড়ি পেঁয়াজ বপন করলেও ঠিকমতো না গজানোয় লক্ষ্যমাত্রা পূরণে প্রভাব পড়তে পারে।সরেজমিনে উপজেলার চরাঞ্চলে কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, দাম দিয়ে পেঁয়াজের বীজ কিনে খেতে বপন করার পর বেশির ভাগই গজায়নি। এখন অনন্যোপায় হয়ে তাঁরা অন্য কিছু চাষ করার চিন্তাভাবনা করছেন।উপজেলার চর দৌলতদিয়া এলাকার কৃষক গাজি হাওলাদার (৫০) জানান, তিনি প্রায় দেড় লাখ টাকা খরচ করে ২০ দিন আগে ছয় বিঘা জমিতে পেঁয়াজ বীজ বপন করেছেন। এখনো কোনো জমিতেই চারাগাছ গজায়নি। অন্যান্য বছর লাগানোর ২০ দিনের মাথায় খেতে নিড়ানি দিতে হতো। মাত্র তিন থেকে চার দিনের মাথায় বীজ গজানোর কথা। গোয়ালন্দ বাজার থেকে এক হাজার ৮০০ টাকা থেকে দুই হাজার টাকা মণ দরে বীজ কিনেছেন। এখন খেত ভেঙে টমেটো লাগানোর কথা চিন্তা করছেন। উজানচর নতুন পাড়ার কৃষক আলমগীর শেখ বলেন, ‘এ বছর পূর্ব উজানচর হাবিল মণ্ডলপাড়ায় ৫০ হাজার টাকা খরচ কইরা দুই বিঘা জমিতে ১৬-১৭ দিন আগে পেঁয়াজ লাগাইয়ছি, কিন্তু এহনো গজায়নি। গোয়ালন্দ বাজারের এক আড়তদারের ঘর থেকে দুই হাজার টাকা মণ হিসেবে গুটি পেঁয়াজ কিইনা আনছি। আমার মতো এলাকার সব গৃহস্থেরই এই অবস্থা।’ একই এলাকার ইউনুস সরদার বলেন, ‘এ রকম তো আর কোনো বছর দেহি নাই। ১০-১২ দিন হইয়া গেল, এহনো গাছ জালায়নি। মাইনষের কাছ থেইকা শুইনা দুই দিন আগে স্যালো মেশিন দিয়া খেতে পানি দিছি। এহন আর কয় দিন দেখব। তার পরও যদি চারা না জালায়, তাইলে ভাইঙ্গা বেগুন গাছ লাগাইব।’ গোয়ালন্দ বাজারের আড়তদার আবদুল জলিল শেখ বলেন, ‘মাগুরার লাঙ্গলবান্দ, ঝিনাইদহের শৈলকুপা ও কুষ্টিয়ার মোকাম থেকে এই বীজ আসে। সময়মতো না গজানোয় আমাদের কাছে অনেক কৃষকই এসে অভিযোগ করছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৃষ্টির অভাবে হয়তো সমস্যাটা হচ্ছে।’গোয়ালন্দ উপজেলা কৃষি কর্মকর্তা মো. নুরুল হক প্রথম আলোকে বলেন, পেঁয়াজের বীজ গজাতে ১৫ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিক তাপমাত্রা প্রয়োজন। বর্তমানে তাপমাত্রা ২৫ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ওপর রয়েছে। সে কারণে কৃষকেরা যথাসময়ে বীজ বপন করলেও ঠিকমতো গজায়নি। তবে কৃষকদের চিন্তিত বা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তাপমাত্রা অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে। এ ছাড়া প্রয়োজনে কৃষকেরা সেচ দিয়ে বীজ বপন করতে পারেন।