পেঁয়াজের মান নিয়ে ক্ষোভ

এর আগেও কয়েক দিন ধরে টিসিবির ট্রাক থেকে বিক্রি করা পেঁয়াজ নিয়ে অসন্তোষ প্রকাশ করে আসছেন ক্রেতারা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেউ অপেক্ষায় ছিলেন দুই ঘণ্টা, কেউ তিন ঘণ্টা। অবশেষে বেলা সাড়ে তিনটায় আসে টিসিবির পণ্যবাহী গাড়ি। ব্যাপক ধাক্কাধাক্কি, বিশৃঙ্খলার পর পণ্য কিনতে সমর্থ হন এই নারী। গতকাল বিকেল সাড়ে চারটায় রাজধানীর রামপুরা বাজার এলাকায়।
ছবি: শুভ্র কান্তি দাশ

তপ্ত রোদে প্রায় তিন ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে পণ্য হাতে পেয়েও মন খারাপ গৃহিণী শারমিন আক্তারের। তাঁর মন খারাপ হওয়ার কারণ, কষ্টের টাকায় কেনা পেঁয়াজ নষ্ট। ক্ষোভ নিয়ে বললেন, পাঁচ কেজি পেঁয়াজের এক কেজিই নষ্ট। নষ্ট পণ্য কেন বিক্রি করছে, সে প্রশ্নও তুলেছেন তিনি।

রাজধানীর রামপুরা বাজারের পাশে টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) ট্রাক থেকে গতকাল সোমবার শারমিন আক্তারের মতো যাঁরাই পণ্য কিনেছেন, তাঁদের প্রায় সবাই পেঁয়াজের মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁরা বলছেন, অন্য পণ্যের মান ভালো হলেও পেঁয়াজের মান খুব খারাপ।

রামপুরায় গতকাল টিসিবির পরিবেশক ছিল মেসার্স এস এস এন্টারপ্রাইজ। পরিবেশক সাইফুল ইসলাম বলেন, সরকার যে পণ্য দেয়, তা–ই তাঁরা বিক্রি করেন।

এর আগেও কয়েক দিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় টিসিবির ট্রাক থেকে বিক্রি করা পেঁয়াজ নিয়ে অসন্তোষ প্রকাশ করে আসছেন ক্রেতারা। রামপুরার মতো জিগাতলা এলাকায়ও গতকাল টিসিবির ট্রাক থেকে পেঁয়াজ কিনে ক্ষোভ প্রকাশ করেছেন বেশির ভাগ ক্রেতা।

এ বিষয়ে টিসিবির মুখপাত্র হ‌ুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, পচা পেঁয়াজ ফেলে দিয়ে ভালোটা ক্রেতাদের কাছে বিক্রি করার জন্য পরিবেশকদের নির্দেশনা দেওয়া আছে। এর জন্য প্রত্যেক পরিবেশককে বাড়তি পেঁয়াজ দেওয়া হয়। ভর্তুকিও দেওয়া হয়। কোনো পরিবেশক যদি এ নির্দেশনা না মানে, এর প্রমাণ পেলে ওই পরিবেশকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, এখন টিসিবি গুদামে প্রায় ২০০ টন পেঁয়াজ মজুত আছে। আমদানির প্রক্রিয়ায় আছে আরও প্রায় ৮০০ টন।

গতকাল রামপুরায় টিসিবির ট্রাক এসে পৌঁছায় বেলা দুইটার দিকে। প্রথমে লোকজন কিছুটা কম থাকলেও আধা ঘণ্টার মধ্যে ট্রাককে ঘিরে লাইনে দাঁড়ানো মানুষের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। একপর্যায়ে নারীদের লাইনে বিশৃঙ্খলা তৈরি হয়। লাইনে দাঁড়ানো বেসরকারি হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী রাজিয়া আক্তার বলেন, একজন লাইনে দাঁড়িয়ে আরও কয়েকজনের জন্য জায়গা রেখে দেন। অথচ অন্যরা আগে এসেও লাইনের সামনের দিকে জায়গা পান না। কোনো শৃঙ্খলা থাকে না।

পুরুষদের লাইনে ঘণ্টাখানেক দাঁড়িয়ে থেকেও পরে ফিরে যান মোস্তফা কামাল। তিনি একসময় রিকশা চালাতেন। এক দুর্ঘটনায় আহত হয়ে এখন ক্রাচে ভর দিয়ে চলতে হয় তাঁকে। পকেটে ৩০০ টাকা নিয়ে এসেছিলেন তিনি। কিন্তু সয়াবিন তেল (২ লিটার ২২০ টাকা), পেঁয়াজ (৫ কেজি ১০০ টাকা), মসুর ডাল (২ কেজি ১৩০ টাকা), চিনি (২ কেজি ১১০ টাকা), খেজুর (১ কেজি ৮০ টাকা) ও ছোলা (৩ কেজি ১৫০ টাকা)—এই ছয়টি পণ্যের প্যাকেজ বিক্রি হচ্ছিল ৭৯০ টাকায়। লাইনে তাঁর পরিচিত এমন কেউ ছিল না যে তাঁকে টাকা ধার দেবে। পরে আরেক দিন কিনবেন বলে চলে যান তিনি।

বৃষ্টিতে ভিজেও টিসিবির লাইনে

গতকাল বিকেল পৌনে পাঁচটার দিকেও রাজধানীর জিগাতলায় টিসিবির লাইনে পণ্য কেনার অপেক্ষায় ছিলেন অন্তত ৬০ জন। হঠাৎ শুরু হলো বৃষ্টি, সঙ্গে ঝোড়ো বাতাস। এর মধ্যেও লাইন ছেড়ে যাননি তাঁরা। বৃষ্টিতে ভিজেই তাঁরা পণ্য কিনেছেন। তাঁদের একজন গৃহকর্মী সাহিদা আক্তার। থাকেন রায়েরবাজার এলাকায়। তিনি প্রথম আলোকে বলেন, অন্যের বাড়িতে কাজ করার কারণে প্রতিদিন লাইনে দাঁড়ানোর সুযোগ পান না। তাই বৃষ্টিতে ভিজলেও লাইন ছেড়ে যাননি।

প্রায় ২০ মিনিট ধরে বৃষ্টি হয়। এ মধ্যে পণ্য বেচাকেনাও চলে। বিকেল সোয়া পাঁচটার দিকে সাহিদা আক্তার পণ্য হাতে পান।