পেওনিয়ারের মাধ্যমে ফ্রিল্যান্সারদের টাকা আসবে বিকাশেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক পেমেন্ট প্ল্যাটফর্ম পেওনিয়ারের মাধ্যমে দেশের ফ্রিল্যান্সারদের টাকা এখন বিকাশেও আসবে। গতকাল বৃহস্পতিবার পেওনিয়ার, ব্র্যাক ব্যাংক এবং বিকাশ যৌথভাবে এ সেবার উদ্বোধন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘দক্ষ মানব সম্পদ আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশে সাড়ে ৬ লাখ ফ্রিল্যান্সার কাজ করছে। তাঁরা বিশ্বের অনলাইন আউটসোর্সিংয়ে ১৬ শতাংশ অবদান রাখছে।’ দ্রুততার সঙ্গে ও নিরাপদে ফ্রিল্যান্সারদের উপার্জিত অর্থ পাওয়ার পদ্ধতি সহজ করায় বিকাশ, পেওনিয়ার ও ব্র্যাক ব্যাংককে ধন্যবাদ জানান তিনি।

বৈশ্বিক দৃষ্টিকোণ থেকেই পেওনিয়ারের জন্য বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ উল্লেখ করে প্রতিষ্ঠানটির চিফ রেভিনিউ অফিসার রবার্ট ক্লার্কসন বলেন, সম্ভাবনাময় বাংলাদেশি উদ্যোক্তাদের ওপর বরাবরই আস্থা রয়েছে। বিকাশের সঙ্গে অংশীদারিত্ব পেওনিয়ারের বিনিয়োগ ও স্থানীয় গ্রাহকদের সেরা সেবা দেওয়ার প্রতিশ্রুতিকে ব্যক্ত করে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি রাসেল টি আহমেদ, পেওনিয়ারের রিজিওনাল সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রোহিত কুলকার্নি, ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর এফ হোসেন, বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর প্রমুখ।