পেকুয়ায় অপহূত শিশু উদ্ধার, গ্রেপ্তার চার
কক্সবাজারের পেকুয়ায় অপহূত শিশু তারেকুর রহমানকে (৮) উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার ভোর চারটায় চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রিজার্ভপাড়ার একটি বসতঘরে পুলিশ অভিযান চালিয়ে শিশুটিকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে।
এ সময় পুলিশ চার অপহরণকারীকে গ্রেপ্তার করেছে। শিশুটি পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের পূর্ব গোয়াখালী গ্রামের সৌদিপ্রবাসী মো. মহিউদ্দিনের ছেলে। গত শনিবার সকাল আটটায় পেকুয়া মডেল কেজি স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণীর ছাত্র তারেক বিদ্যালয়ে যাওয়ার পথে অপহূত হয়।
গ্রেপ্তার হওয়া চার অপহরণকারী হলেন পূর্ব গোয়াখালী গ্রামের টেকপাড়া গ্রামের মৃত জামাল হোসেনের ছেলে মো. পারভেজ (২২), তাঁর মা মনোয়ারা বেগম (৩৮), মৃত কালু মিয়ার ছেলে মো. মানিক (২৫) ও পারভেজের খালা পারভিন আক্তার (২৮)।
তারেকের মা মোতাহেরা বেগম বলেন, বিদ্যালয়ে যাওয়ার পথে সিকদারপাড়া গ্রাম থেকে অপহরণকারীরা সিএনজিচালিত অটোরিকশায় তুলে তারেককে অপহরণ করে নিয়ে যায়। এরপর বেলা সোয়া তিনটায় তাঁর মোবাইলে ফোন করে ৩৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারীদের একজন। অপহরণকারী ফোনে বলেন, ‘শনিবার রাতের মধ্যে ৩৫ লাখ টাকা মুক্তিপণ জোগাড় করো। আর রোববার সকাল ১০টায় আমরা ফোন করে টাকা পৌঁছানোর ঠিকানা বলে দেব। এরপর ফোনের লাইন কেটে দেন ওই অপহরণকারী।’
পেকুয়া থানার ওসি মঈন উদ্দিন আহমেদ বলেন, অপহরণকারী মো. মানিককে গ্রেপ্তারের পর তাঁর জবানবন্দি অনুযায়ী অন্য তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় অপহূত শিশুকে তাঁদের কবল থেকে উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, গতকাল অপহরণকারী চারজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।