পেকুয়ায় আগুনে সাত বসতঘর পুড়ে গেছে
কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের মধ্যম বাইম্যাখালী গ্রামে আগুনে সাতটি বসতঘর পুড়ে গেছে। গতকাল সোমবার এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, বেলা তিনটার দিকে মধ্যম বাইম্যাখালীর কয়েকটি বসতঘরে হঠাৎ আগুন দেখা যায়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে শাহ আলম, মঞ্জুর আলম, আমির হোসেন, কোরবান আলী, মো. আলী, জাফর আলম ও জাবের আহমদের বসতঘর পুরোপুরি পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত আমির হোসেন বলেন, গত শনিবার দিবাগত রাতে দুর্বৃত্তদের গুলিতে নিহত আবদুল খালেকের জানাজা অনুষ্ঠিত হয় গতকাল বেলা আড়াইটায়। আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যসহ মধ্যম বাইম্যাখালীর বেশির ভাগ মানুষ খালেকের লাশ দেখতে এবং জানাজায় অংশ নিতে পাশের গ্রাম টেকপাড়ায় যান। এরই মধ্যেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাহাদুর শাহ বলেন, আগুনে ওই সাতটি বসতঘরের সবকিছু পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে তাৎক্ষণিকভাবে পাঁচ হাজার টাকা করে অর্থসহায়তা দেওয়া হয়েছে।