পেকুয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ১৮, আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের মুরার পাড়া এলাকায় গতকাল সোমবার দুপুর ১২টায় দুই পক্ষের সংঘর্ষে আবদুস ছত্তার (৬০) নামের একজন নিহত ও ১৮ জন নারী-পুরুষ আহত হয়েছেন।
আহত ব্যক্তিদের মধ্যে গুরুতর অবস্থায় দুজনকে চমেক হাসপাতাল, ১০ জনকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও অন্য ছয়জনকে বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। নিহত আবদুস ছত্তার ওই এলাকার কেরামত আলীর ছেলে।
আহত ব্যক্তিরা হলেন মোকতার আহমদ (২৭), হুমাইরা বেগম (৩২), মো. আলী (৩৫), মিনা আক্তার (১৮), আক্তার হোছাইন (২৭), বশির আহমদ (৬৫), জুনু মিয়া (৪৩), আয়েশা বেগম (৪০), মো. মিজান (২০) ও মো. ওসমান (৩০)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, এক প্রবাসীর স্ত্রীকে জড়িয়ে গ্রামে কুৎসা রটনা নিয়ে গত রোববার রাতে স্থানীয় ইউপি সদস্য মো. জাকারিয়ার বাসায় সালিস বৈঠক হয়। ওই সালিসকে কেন্দ্র করে গতকাল সোমবার দুপুরে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে আবদুস ছত্তার নিহত হন।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন আহমদ সংঘর্ষের ঘটনায় একজন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মিজান ও ওসমানকে আটক করা হয়েছে। নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে একটি এজাহার দেওয়া হয়েছে।