পেকুয়ায় বালিকা উচ্চবিদ্যালয়ে দলিল লেখকদের কার্যালয়!
কক্সবাজারের পেকুয়া উপজেলা সদরে অবস্থিত পেকুয়া বালিকা উচ্চবিদ্যালয়ের একটি ভবনে চলছে উপনিবন্ধন কার্যালয়ের দলিল লেখকদের কার্যক্রম। ওই বিদ্যালয়ের সীমানার ভেতর অবস্থিত ‘মাওলানা ছাইদুল হক ছাত্রীনিবাস’ ভবন বিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে ভাড়া নিয়ে কার্যক্রম চালাচ্ছেন দলিল লেখকেরা।
দলিল লেখকদের কাছে নিয়মিত নানা শ্রেণী-পেশার আসেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এতে বিদ্যালয়ের ছাত্রীরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছে। জানা গেছে, গত ২৯ আগস্ট পেকুয়া উপজেলা পরিষদের একটি ভবনে উপনিবন্ধন কার্যালয় চালু হয়। কিন্তু দলিল লেখকেরা এক কিলোমিটার দূরে পেকুয়া বালিকা উচ্চবিদ্যালয়ের ভবনটি ভাড়া নেন।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, দোতলা ওই ভবনের ওপরের তলায় পাঁচজন ও নিচতলায় তিনজন দলিল লেখক কাজ করছেন। তাঁদের সহকারী রয়েছেন আরও ১৫ জন। এ সময় মগনামা এলাকা থেকে ১৫-২০ জন ব্যক্তি দলিল সম্পাদনের জন্য এ কার্যালয়ে আসেন।
দলিল সম্পাদনের কাজে আসা আবুল বশর বলেন, ‘দলিল লেখকেরা এখানে কার্যালয় করায় আমাদের বাধ্য হয়ে আসতে হচ্ছে। নানা কারণে ছাত্রীদের সমস্যা হচ্ছে, এটা আমরা বুঝি। এর পরও আসতে হচ্ছে।’
দলিল লেখক আজিজুল হক বলেন, তাঁরা এক হাজার টাকায় বিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে প্রতিটি কক্ষ ভাড়া নিয়েছেন। কর্তৃপক্ষ ভেবে-চিন্তেই কক্ষ ভাড়া দিয়েছে। মোহাম্মদ আমিন নামের এক অভিভাবক বলেন, বিদ্যালয়ের ভেতরে জনসমাগম হওয়ায় মেয়েরা সমস্যার সম্মুখীন হচ্ছে। এতে মেয়েদের পড়ালেখারও চরম ব্যাঘাত ঘটছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম বলেন, কিছু ব্যক্তির অনুরোধে এখানে দলিল লেখকদের কার্যালয় বসানো হয়েছে। তবে কিছুদিনের মধ্যে দলিল লেখকেরা অন্য একটি ভবনে চলে যাবেন। পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর শওকত হোসেন বলেন, ‘বিষয়টি আমি খোঁজখবর নিয়ে দেখছি। এ ছাড়া মেয়েদের অসুবিধা হলে এখনই দলিল লেখকদের সরিয়ে দেওয়া হবে।’