পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকছে ১৩ গ্রাম প্লাবিত
কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের রূপালী বাজার ও সোনালী বাজার মসজিদ এলাকায় গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় ৩০০ ফুট বেড়িবাঁধ ভেঙে গিয়ে ১৩ গ্রাম প্লাবিত হয়েছে। এতে ওই এলাকার মানুষ চরম দুর্ভোগে পড়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গতকাল মঙ্গলবার দুপুরে অস্বাভাবিক জোয়ারে উপকূলীয় বেড়িবাঁধের রূপালী বাজার ও সোনালী বাজার মসজিদ এলাকা ভেঙে যায়। এতে ১৩টি গ্রাম প্লাবিত হয়। এলাকাগুলো হচ্ছে রূপালী বাজারপাড়া, টেকপাড়া, মালেকপাড়া, ফকিরপাড়া, জইনউদ্দিন পাড়া, ভেলুয়াপাড়া, পেকুয়ারচর, ঠান্ডারপাড়া, ফেরাসিঙ্গাপাড়া, গুদারপাড়া, ঘোষালপাড়া, নয়াপাড়া, কইড়া বাজার পাড়া। এসব এলাকার মানুষ এখন ডিঙ্গি নৌকা নিয়ে চলাচল করছে।
উজানটিয়া ইউপি চেয়ারম্যান এম শহিদুল ইসলাম চৌধুরী বলেন, অস্বাভাবিক জোয়ারে বেড়িবাঁধ ভেঙে গিয়ে লোকালয়ে পানি ঢুকছে। ছোট-বড় প্রায় রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান পানিতে তলিয়ে গেছে। এখন এ ইউনিয়নের প্রায় দেড় হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। তিনি ওই এলাকায় জরুরি বরাদ্দের জন্য সরকারের কাছে দাবি জানান। জানতে চাইলে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর শওকত হোসেন বলেন, উজানটিয়া ও মগনামা ইউনিয়নের কিছু এলাকার বেড়িবাঁধ ভেঙে গিয়ে লোকালয়ে পানি ঢুকছে। এসব এলাকার জন্য জরুরি বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন পাঠানো হয়েছে।