পেকুয়ায় যুবলীগ নেতাসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়া উপজেলায় বাবাকে হত্যা করে মেয়েকে তুলে নেওয়ার ঘটনায় যুবলীগের নেতাসহ পাঁচজনের বিরুদ্ধে হত্যা ও নারী নির্যাতন ধারায় দুটি মামলা করা হয়েছে। নিহত ব্যক্তির স্ত্রী বাদী হয়ে গতকাল বুধবার সন্ধ্যায় ওই দুটি মামলা করেন। উপজেলার পেকুয়া সদর ইউনিয়নের পশ্চিম গোয়াখালীর বটতলিয়াপাড়া এলাকায় গত সোমবার রাতে ওই হত্যাকাণ্ড ও অপহরণের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ওই হত্যার ঘটনায় পেকুয়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নুরুল আজিম (৩২), তাঁর বন্ধু বেলাল উদ্দিন, নুরুল আজিমের বাবা ও স্থানীয় ইউপি সদস্য গোলাম ছোবহান, দুই সহোদর বেলাল উদ্দিন ও হেলাল উদ্দিনকে আসামি করা হয়েছে। একইভাবে নারী নির্যাতনের ধারায় দায়ের করা মামলায়ও এঁদেরই আসামি করা হয়।

পুলিশ আরও জানায়, বিবাহিত ও দুই সন্তানের জনক যুবলীগের নেতা নুরুলের সঙ্গে অপহূত তরুণীর (২৮) অবৈধ সম্পর্ক ছিল। তরুণীটির স্বামী সৌদি আরব-প্রবাসী।

মামলার বাদী হাসিনা জানান, যুবলীগের নেতা নুরুল পাঁচ-ছয়জন ব্যক্তিসহ সোমবার রাত ১২টায় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁর বসতবাড়িতে হামলা চালিয়ে তাঁদের মেয়েকে তুলে নেওয়ার চেষ্টা করেন। এ সময় মেয়ের বাবা বাধা দেওয়ায় তাঁকে গুলিতে হত্যা করে মেয়েকে নিয়ে যান তাঁরা।