পেকুয়ায় সংরক্ষিত বনের টিলা কর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের মাঝেরঘোনা এলাকায় প্রকাশ্যে সংরক্ষিত বনের একটি টিলা কাটা হচ্ছে। টিলা কাটার কারণে ঝুঁকিতে পড়েছে চারটি বসতঘর। এক সপ্তাহ ধরে স্থানীয় কবির হোসেন নামের এক ব্যক্তি ওই টিলা কেটে সাবাড় করছেন।

পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মারুফুর রশিদ খান বলেন, পাহাড় কিংবা সংরক্ষিত বনের টিলা কাটায় যাঁরা জড়িত, তাঁদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে কয়েকজনের নাম থানায় দেওয়া হয়েছে।

সরেজমিনে দেখা যায়, মাঝেরঘোনা স্টেশন থেকে একটু উত্তরে সংরক্ষিত বনের একটি টিলা কাটা হচ্ছে। টিলাটির অন্তত ৭০ ভাগ ইতিমধ্যে কেটে নেওয়া হয়েছে।

তবে টিলা কাটায় জড়িত কবির হোসেন দাবি করেন, টিলাটি তাঁর ব্যক্তিগত। তাঁর পাকা ঘর করার প্রয়োজন পড়েছে বিধায় টিলাটি কাটা হচ্ছে। এ ছাড়া তিনি আরও দাবি করেন, তাঁর স্ত্রীর এক বড় ভাই জাহাঙ্গীর আলম প্রশাসনকে ম্যানেজ করার কথা বলেছেন। ওই জাহাঙ্গীরের গাড়ি দিয়েই মাটি অন্যত্র বিক্রি করা হচ্ছে।

টিলা কাটার খবর পেয়ে গত রোববার দুপুরে পেকুয়া ইউএনও মো. মারুফুর রশিদ প্রশাসনের পক্ষ থেকে কয়েকজন কর্মকর্তাকে সেখানে ঘটনাস্থলে পাঠিয়েছেন। তদন্ত দলে ছিলেন উপজেলা ভূমি কার্যালয়ের কানুনগো শোকহরণ চাকমা, বারবাকিয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা ইসমত আলী ও পেকুয়া থানার উপপরিদর্শক শাহজাহান কামাল।

কানুনগো শোকহরণ চাকমা বলেন, ‘ইউএনও স্যারের নির্দেশে আমরা পাহাড় কাটার তদন্তে গিয়েছি।’