পেকুয়ার ঝুঁকিপূর্ণ আট বিদ্যালয়ে পাঠদান
কক্সবাজারের পেকুয়া উপজেলার আটটি প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এসব বিদ্যালয়ের ভবনগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় শিক্ষার্থীরা পাঠ নিতে অনীহা প্রকাশ করছে।
উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উজানটিয়ার পেকুয়ারচর ও রাজাখালীর মাতবর পাড়া রেজি. প্রাথমিক বিদ্যালয় এবং সোনাইছড়ি, টৈটং, বারবাকিয়া, রাজাখালী, পেকুয়া ও গোঁয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনগুলো ঝুঁকিপূর্ণ।
সম্প্রতি উপজেলা প্রকৌশলী পরীক্ষা-নিরীক্ষা করে ভবনগুলো ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে তালিকা তৈরি করেছেন।
পেকুয়া উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা বেলাল হোছাইন বলেন, ঝুঁকিপূর্ণ ভবনগুলো ১৯৯১ সালের ঘূর্ণিঝড়-পরবর্তী সময়ে নির্মাণ করা হয়েছিল। এর পর থেকে এগুলোর বড় ধরনের কোনো সংস্কার হয়নি।
গতকাল সরেজমিনে দেখা গেছে, উজানটিয়া ইউনিয়নের পেকুয়ারচর রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের দুটি ভবন রয়েছে। এর মধ্যে পুরোনো ভবনটি ঝুঁকিপূর্ণ। এ ভবনের তিনটি কক্ষের একটি অনেক দিন ধরে পরিত্যক্ত।
অন্য দুটিতে তৃতীয় ও পঞ্চম শ্রেণীর কার্যক্রম চলছে। ছাদে ও দেয়ালে ফাটল সৃষ্টি হয়েছে। এসব ফাটল দিয়ে বৃষ্টির পানি ভেতরে ঢুকে পড়ছে।
পেকুয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা তপন কান্তি চৌধুরী বলেন, নির্মাণের পর থেকে এসব বিদ্যালয়ের ভবনে বড় কোনো সংস্কারকাজ হয়নি। বিদ্যালয়-প্রধানদের বিকল্প ব্যবস্থায় পাঠদানের ব্যবস্থা করতে বলা হয়েছে। বেশি ঝুঁকিপূর্ণ এ রকম ছয়টি ভবনের তালিকা জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে। তিনি পরিত্যক্ত ঘোষণা করলেই এসব ভবন ভাঙা হবে। অন্য দুটি ভবন শিগগিরই সংস্কার করা হবে।