পেকুয়া উপকূলে মশারি জাল দিয়ে পোনা নিধন
কক্সবাজারের পেকুয়া উপকূলে নিষিদ্ধ মশারি জাল বসিয়ে অবাধে চিংড়ি পোনা ধরা হচ্ছে। এতে ধ্বংস হচ্ছে অন্যান্য জাতের মাছের পোনা।
গত শুক্রবার সকালে সরেজমিনে দেখা যায়, কুতুবদিয়া চ্যানেলের মগনামা শরৎঘোনা থেকে উজানটিয়া স্টিমারঘাট পর্যন্ত অন্তত ১৫ কিলোমিটার এলাকাজুড়ে বাগদা ও গলদার পোনা ধরতে বসানো হয়েছে দেড় হাজারের বেশি মশারির জাল। চিংড়ি পোনা ধরতে গিয়ে জেলেরা নষ্ট করছেন অন্য প্রজাতির মাছের পোনা। এ ছাড়া পেকুয়ার উজানটিয়া, রাজাখালীসহ বিভিন্ন এলাকায় একইভাবে পোনা ধরার দৃশ্য দেখা যায়।
পোনা ব্যবসায়ী মো. ছরওয়ার বলেন, বাগদা ও গলদার পোনা ধরতে গেলে অন্য প্রজাতির পোনা মারা যাবে, সেটা মৎস্য বিভাগ থেকে শুরু করে সবাই জানে। যারা পোনা ধরছে, তারা সবাই দরিদ্র।
নেজাম উদ্দিন (১০) নামের এক শিশুশ্রমিক বলল, ‘পোনা না ধরলে না খেয়ে মরতে হবে।’ পোনা ধরা যে নিষিদ্ধ, বিষয়টি জানে না নেজাম উদ্দিন। কথা বলে জানা গেলে, তার মতো আরও অনেকের কাছে বিষয়টি অজানা।
উজানটিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহিদুল ইসলাম চৌধুরী বলেন, ‘উপকূলের বেড়িবাঁধ-সংলগ্ন এলাকার মানুষগুলোর প্রধান পেশা পোনা আহরণ করা। এভাবে তারা জীবিকা নির্বাহ করে। যদি পোনা ধরা বন্ধ করতে হয়, তাহলে অন্য খাতে কর্মসংস্থান বাড়াতে হবে।’
মৎস্য অধিদপ্তর সূত্র জানায়, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশের নদ-নদীতে একটি জরিপ চালায়। ওই জরিপে দেখা গেছে, একটি বাগদা বা গলদার পোনা ধরতে গিয়ে পোনা সংগ্রহকারীরা ৩৮ প্রজাতির চিংড়ি ছাড়াও ৬ প্রজাতির অন্যান্য মাছ, ১০০ প্রজাতির জলজ প্রাণী ও ৫৬ প্রজাতির জুপ্লাঙ্কটন ধ্বংস করছে।
পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ প্রথম আলোকে বলেন, পেকুয়া উপকূলের অন্তত ১০ হাজার মানুষ পোনা ধরার কাজ করে। এখন জেলেদের চিহ্নিত করে পরিচয়পত্র দেওয়া হচ্ছে। এরপর তাঁদের পুনর্বাসনের আওতায় আনা হবে। তিনি বলেন, হঠাৎ করে পোনা ধরা বন্ধ করলে অনেকে না খেয়ে মারা যাবে। তারপরও মৎস্য সম্পদ রক্ষায় মৎস্য বিভাগ অভিযান পরিচালনা করছে।
পেকুয়া উপজেলা মৎস্য কর্মকর্তা নজির আহমদ ছয় মাসের প্রশিক্ষণে ঢাকায় আছেন। চকরিয়া উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা সাইফুর রহমান পেকুয়ায় অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘পেকুয়া কার্যালয়ে একজন অফিস সহকারী ছাড়া কেউ নেই। কীভাবে অভিযান চালানো যায় বলেন?’ সাইফুর রহমান বলেন, তারপরও পেকুয়ার ইউএনওর সঙ্গে কথা বলে অবৈধ জালের বিরুদ্ধে অভিযানের চেষ্টা থাকবে। তিনি বলেন, পোনা ধরা বন্ধ করতে অভিযানের পাশাপাশি জনসচেতনতা খুব দরকার। স্থানীয় জনপ্রতিনিধিরা জনসচেতনতা তৈরিতে ভূমিকা পালন করতে পারেন।