নয় বছর ছয় মাস পর কক্সবাজারের পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে ২৪ নভেম্বর। সভাপতি ও সাধারণ সম্পাদক পদটি দখলে নিতে ইতিমধ্যে কয়েকজন নেতা মাঠে নেমেছেন। তবে একটি পক্ষ সম্মেলন পণ্ড করার চক্রান্ত করছে বলে অভিযোগ করেন কাউন্সিলররা।জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ কে আহমদ হোসেন বলেন, যেকোনো মূল্যে ২৪ নভেম্বর এই সম্মেলন সম্পন্ন করা হবে। কাউন্সিলরদের গোপন ভোটে নেতা নির্বাচন করা হবে।সূত্র জানায়, ইতিমধ্যে উপজেলার সাতটি ইউনিয়ন ও ৬৩টি ওয়ার্ডে দলের কাউন্সিল সম্পন্ন করা হয়েছে।দলীয় সূত্র জানায়, ২০০৩ সালের ৩০ এপ্রিল উপজেলার বারবাকিয়া কমিউনিটি সেন্টার মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে তৎকালীন বারবাকিয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান ছাদেকুর রহমান সভাপতি এবং রাজাখালী এয়ারআলী খান আদর্শ উচ্চবিদ্যালয়ের শিক্ষক আজমগীর চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর কমিটির মেয়াদ শেষ হলেও কাউন্সিল হয়নি। কয়েক মাস আগে দলের সভাপতি ছাদেকুর রহমানের মৃত্যু হলে দলীয় কার্যক্রম নিষ্ক্রিয় হয়ে পড়ে। দলীয় নেতা-কর্মীরা জানান, বর্তমানে সভাপতি পদে এ টি এম বখতিয়ার উদ্দিন চৌধুরী (বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি), সহসভাপতি এস এম গিয়াস উদ্দিন, আ ক ম সাহাব উদ্দিন ফরায়েজী এবং সাধারণ সম্পাদক পদে বর্তমান সম্পাদক আজমগীর চৌধুরী, যুগ্ম সম্পাদক আবুল কাসেম, ফরিদুল আলম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মাঠে জোর তৎপরতা চালাচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক দলের কয়েকজন কাউন্সিলর জানান, ১৯৯৬ সালের পর থেকে পেকুয়া-চকরিয়া (কক্সবাজার-১) আসনটি বিএনপির দখলে চলে গেছে। বিএনপির সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ দুবার এই আসন থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন। বর্তমান সাংসদ হাসিনা আহমদ বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমদের সহধর্মিণী। সালাহ উদ্দিন আহমদের বিরুদ্ধে মাঠ গরম করার মতো নেতা আওয়ামী লীগে নেই বলে দলের এই দুরবস্থা। এবারের সম্মেলনে সাহসী নেতৃত্ব তৈরির চেষ্টা চলছে। এ কারণে প্রভাবশালী একটি মহল চাইছে সম্মেলন পণ্ড করতে।দলের ভারপ্রাপ্ত সভাপতি এ টি এম বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, সম্মেলন পণ্ড করার সুযোগ কাউকে দেওয়া হবে না। সম্মেলনকে কেন্দ্র করে আগের দ্বিধাবিভক্ত ও নিষ্ক্রিয় নেতা-কর্মীদের মধ্যে চাঙাভাব ফিরে এসেছে।