পেকুয়ার গণপাঠশালা ভবনে ফাটল, আতঙ্কে শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের সোনালী বাজারে গণপাঠশালার ভবনে ফাটলের সৃষ্টি হওয়ায় আতঙ্কে ক্লাস করছে না শিক্ষার্থীরা। ওই বিদ্যালয়ের পাঁচটি কক্ষের মধ্যে সব কটিতে ফাটল দেখা দিয়েছে।গত বৃহস্পতিবার সরেজমিনে জানা গেছে, ১৯৯৭ সালে সোনালী বাজার এলাকার লোকজনের চাঁদার টাকায় প্রতিষ্ঠিত হয় পাঠশালাটি। ওই সময় বাঁশের ঘেরা ও ছনের ছাউনি দিয়ে একটি ঘর বানিয়ে শিক্ষা কার্যক্রম চালানো হয়। পরে ২০০০ সালে গণস্বাস্থ্য নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থা পাঠশালাটির দায়িত্ব নিয়ে পাঁচ কক্ষবিশিষ্ট একতলা একটি পাকা ভবন নির্মাণ করে দেয়। এ সময় পাঁচজন মহিলা শিক্ষিকা নিয়োগ দেয়। সেই থেকে ২০১২ সালের ডিসেম্বর পর্যন্ত ওই সংস্থাটি পাঠশালাটিতে শিক্ষা কার্যক্রম চালু রাখে। সরকার বেসরকারি সব প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণের ঘোষণা দেওয়ার পর থেকে স্বেচ্ছাসেবী সংস্থাটি তাদের শিক্ষা কার্যক্রম গুটিয়ে নিয়েছে। এতে বেকায়দায় পড়েছে বিদ্যালয়সংশ্লিষ্টরা।প্রধান শিক্ষিকা রায়হানা বেগম প্রথম আলোকে বলেন, ২০০০ সালে ভবন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সংস্কার না হওয়ায় ভবনের পাঁচটি কক্ষেই ফাটল ধরেছে। সিঁড়ির পাশে ছাদ ফুটো হয়ে যাওয়ায় বৃষ্টি হলেই পানি পড়ে। ভবনের পূর্বপাশের কক্ষটি দেবে গিয়ে ফাটলটি আরও ভয়াবহ আকার ধারণ করেছে।প্রধান শিক্ষিকা রায়হানা বেগম আরও বলেন, বর্তমানে বিদ্যালয়ে ২৪৩ জন শিক্ষার্থী রয়েছে। শিক্ষার্থীরা ভয়ে পাঠ নিতে আসতে চায় না। সামনের প্রাথমিক সমাপনীতে ৩৫ জন শিক্ষার্থী অংশ নেবে। এখন শ্রেণী কার্যক্রমও বন্ধ করা যাচ্ছে না। এ অবস্থায় তিনি প্রশাসন ও শিক্ষা অধিদপ্তরের সহযোগিতা চেয়েছেন। পেকুয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা তপন কান্তি চৌধুরী বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ওই বিদ্যালয়টি পরিদর্শন করে প্রতিবেদন তৈরি করতে চকরিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছেন। তার প্রতিবেদনের পর ভবনটি ভেঙে নতুন ভবনের জন্য আবেদন জানানো হবে।