পেকুয়ার দুই সংবাদকর্মীর নামে মামলা
কক্সবাজারের পেকুয়া উপজেলায় নাজিম উদ্দিন ও জালাল উদ্দিন নামের দুই সংবাদকর্মীর নামে মামলা করেছেন স্থানীয় এক আওয়ামী লীগ নেতা। তাঁরা দুজন দুটি স্থানীয় পত্রিকার পেকুয়া উপজেলা প্রতিনিধি। এ ছাড়া নাজিম উদ্দিন পেকুয়া উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জালাল উদ্দিন সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন।
সোমবার কক্সবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তথ্যপ্রযুক্তি আইনে এ মামলা করেন পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল করিম। আদালত মামলাটি আমলে নিয়ে পেকুয়া থানা-পুলিশের ওসিকে তদন্তপূর্বক প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন।
মামলা এজাহারে দাবি করা হয়, পেকুয়া সদর ইউনিয়নের বিলহাছুরা এলাকার আশরাফ মিয়ার ছেলে নাজিম উদ্দিন ও উজানটিয়া ইউনিয়নের পেকুয়ারচর এলাকার আকতার আহমদের ছেলে জালাল আওয়ামী লীগ নেতা তোফাজ্জল করিমের ছবি দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম কুরুচিপূর্ণ মন্তব্য প্রচার করেন। এতে তাঁর মানহানি হয়েছে ও সামাজিকভাবে তিনি হেয় প্রতিপন্ন হয়েছেন।
তোফাজ্জল করিম বলেন, ‘নাজিম ও জালাল ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য প্রচার করে সমাজের সম্মানী মানুষদের মানহানি ও অর্থ আদায় করতেন। আমার বিরুদ্ধেও মানহানিকর স্ট্যাটাস দিয়েছেন। প্রতিকার পেতে আমি আদালতের আশ্রয় নিয়েছি।’
নাজিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘কিছুদিন আগে উপজেলা যুবলীগের সহসভাপতি জিয়াবুল করিমের ওপর হামলা করা হয়। এ ঘটনা নিয়ে লেখালেখি করায় মামলাটি করেছেন তোফাজ্জল করিম। তবে লেখালিখিতে কোনোভাবেই তাঁর মানহানি করিনি।’
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম খান বলেন, ‘আদালতের নির্দেশের কাগজপত্র এখনো থানায় পৌঁছেনি। কাগজপত্র পেলে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে ব্যবস্থা নেওয়া হবে।’