পেকুয়ার স্বর্ণ ব্যবসায়ী নিখোঁজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের পেকুয়া উপজেলার কবির আহমদ চৌধুরী বাজারের আজমীর জুয়েলার্সের মালিক পরিতোষ ধর গত সোমবার চট্টগ্রামের হাজারী গলি এলাকায় স্বর্ণ বিক্রি করতে গিয়ে নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় তাঁর প্রতিষ্ঠানের কর্মচারী মৃণাল ধর পেকুয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
পরিতোষের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মঙ্গলনগর গ্রামে।
মৃণাল ধর বলেন, পরিতোষ ধর স্বর্ণ বিক্রি করার জন্য পেকুয়া থেকে চট্টগ্রামের হাজারী গলি এলাকায় যান। সেখানে স্বর্ণ বিক্রি করে ২০ লাখ টাকা নিয়ে ফেরার পথে তিনি নিখোঁজ হন। তিনি বলেন, কোনো ছিনতাইকারী চক্র টাকার জন্য তাঁকে অপহরণ করে থাকতে পারে। নিখোঁজ হওয়ার পর থেকে তাঁর মুঠোফোনের সংযোগ পাওয়া যাচ্ছে না।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, পরিতোষ ধরের নিখোঁজ হওয়ার বিষয়টি বিভিন্ন থানায় জানানো হয়েছে।