পেকুয়ার ৩০ হাজার মানুষ পানিবন্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ও উজানটিয়া ইউনিয়নের ২০টি গ্রামের ৩০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। স্থানীয় অনেকে জানান, পূর্ণিমার জোয়ারে ২৫ মে মগনামা ইউনিয়নের কাকপাড়া ও উজানটিয়া ইউনিয়নের ফেরাসিঙ্গাপাড়া এলাকায় বেড়িবাঁধ ভেঙে ১৯টি গ্রাম প্লাবিত হয়ে ২০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এতে তারা দুর্ভোগে পড়েছেন। গ্রামগুলো হলো কাকপাড়া, পশ্চিমকূল, সেকান্দরপাড়া, ডলইন্যাপাড়া, শুদ্ধখালীপাড়া, কোদাইল্লাদিয়া, বেদেরবিলপাড়া, সাতঘরপাড়া, কালারপাড়া, মটকাভাঙ্গা, বোর্ডিংপাড়া, কইড়া বাজারপাড়া, রূপালী বাজার, পেকুয়ার চর, নতুন ঘোনা, ফেরাসিঙ্গাপাড়া, ঘোষালপাড়া, জালিয়াপাড়া, মিয়াপাড়া। উজানটিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এম শহিদুল ইসলাম চৌধুরী বলেন, গতকাল বুধবার সকালে টেকপাড়া বেড়িবাঁধ ভেঙে জোয়ারের পানি ঢুকে টেকপাড়া, সূতাচোরা, ষাটদুনিয়াপাড়া, নূরীবাজার ও মধ্যম উজানটিয়া গ্রাম প্লাবিত হয়েছে। এতে নতুন করে আরও ১০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। মগনামা ইউপি চেয়ারম্যান শহিদুল মোস্তফা চৌধুরী গতকাল প্রথম আলোকে বলেন, বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় মগনামা ইউনিয়নের প্রায় ৪০ হাজার মানুষকে পুরো বর্ষা মৌসুমে ভোগান্তি পোহাতে হবে।পানি উন্নয়ন বোর্ডের কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. মাঈনুদ্দিন বলেন, জরুরি বরাদ্দ চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে বেড়িবাঁধের ভাঙা অংশ মেরামত করা হবে।