পেকুয়ায় আ.লীগ নেতার ঘরে লুটপাট-অগ্নিসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম চৌধুরীর বসতঘর ও খামারবাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে বোরকা বাহিনী। গত মঙ্গলবার বেলা তিনটায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী লোকজন জানিয়েছেন, মঙ্গলবার বেলা তিনটায় বোরকা বাহিনীর শতাধিক লোক জাহেদ চৌধুরীর বসতঘর ও খামারবাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় খামারবাড়িতে লুটপাট চালিয়ে অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে পেকুয়া থানার পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের লক্ষ্য করে বোরকা বাহিনী ইট ও ঢিল ছুড়লে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি চালায়। এতে বোরকা বাহিনীর লোকজন পালিয়ে যায়।
স্থানীয় লোকজন আরও জানিয়েছেন, টৈটং এলাকায় বোরকা বাহিনী ও দা বাহিনী নামে দুটি পক্ষ দীর্ঘদিন ধরে উৎপাত চালিয়ে আসছে। এই দুই পক্ষের বিরোধের জের ধরে গত ২৫ জুলাই উকিল আহমদ (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হন। টৈটং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম চৌধুরী দা বাহিনীকে পৃষ্ঠপোষকতা করে আসছেন বলে অভিযোগ রয়েছে। এ কারণে বোরকা বাহিনীর লোকজন তাঁর বসতঘর ও খামারবাড়িতে এই তাণ্ডব চালায়।
জাহেদুল ইসলাম চৌধুরী বলেন, তাঁকে হত্যা করতে বোরকা বাহিনীর লোকজন তাঁর ওপর একের পর এক হামলা করছে। গত এক মাসে অন্তত পাঁচবার তাঁর ওপর হামলা ও প্রাণনাশের চেষ্টা হয়। তিনি আরও বলেন, ঈদের দিন সন্ত্রাসীরা তাঁকে বাড়িতে না পেয়ে তাঁর বসতঘরে ভাঙচুর ও লুটপাট শেষে খামারবাড়িতে অগ্নিসংযোগ করে। তবে দা বাহিনীকে পৃষ্ঠপোষকতা করার অভিযোগ অস্বীকার করেন তিনি।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রকিব বলেন, ‘আওয়ামী লীগের নেতা জাহেদ চৌধুরীর বসতঘর ও খামারবাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় এখনো লিখিত কোনো অভিযোগ পাইনি। তবে ওই এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।’