পেকুয়ায় আ.লীগের সঙ্গে বিএনপি জামায়াতের সংঘর্ষে আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়া সদরে গতকাল রোববার সকাল ১০টায় আওয়ামী লীগের সঙ্গে বিএনপি-জামায়াতের কয়েক দফা সংঘর্ষে অনন্ত ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে গুলিবিদ্ধ একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ক্ষুব্ধ লোকজন বিএনপি ও জামায়াতের উপজেলা কার্যালয় ভাঙচুর করেছেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের আশরাফুল উলুম মাদ্রাসার সামনে জামায়াত-শিবিরের কর্মীরা যান চলাচলে বাধার সৃষ্টি করলে আওয়ামী লীগের কর্মীরা প্রতিবাদ করেন। এ নিয়ে উভয় পক্ষে হাতাহাতির ঘটনা ঘটে। এতে ক্ষিপ্ত শিবিরের কর্মীরা মাদ্রাসার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বিএনপি ও জামায়াতের কর্মীদের জড়ো করেন এবং পরে গুলি চালিয়ে আওয়ামী লীগের কর্মীদের ওপর হামলা চালান। এ নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ধাওয়া-পাল্টাধাওয়া ও গুলিবর্ষণের ঘটনায় লোকজন দোকানপাট বন্ধ করে পালিয়ে যান। এতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আবদুল লতিফ জুয়েল (৩০) গুলিবিদ্ধ হন।আহত হয়েছেন যুবলীগের নেতা সেকান্দর (২৯), আওয়ামী লীগের কর্মী নেজাম উদ্দিন (৪০), আক্কাছ উদ্দিন (২৯), নেচার আহমদ (৩৫) এবং জামায়াতের হারুনর রশিদ (৪০), মাওলানা হাবিবুর রহমান (৩০) প্রমুখ। পরে ক্ষুব্ধ লোকজন উপজেলা বিএনপি ও জামায়াতের কার্যালয় ভাঙচুর করেন।উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম বলেন, জুয়েলকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছাত্রদলের সন্ত্রাসীর গুলিতে তিনি গুলিবিদ্ধ হয়েছেন।উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহ বলেন, সংঘর্ষের ঘটনায় বিএনপি জড়িত নয়। জামায়াতের সঙ্গেই আওয়ামী লীগের সংঘর্ষ হয়েছে। তার পরও বিএনপির কার্যালয় ভাঙচুর করা হয়েছে।উপজেলা জামায়াতের আমির আবুল কালাম আজাদ বলেন, আশরাফুল উলুম মাদ্রাসা শিক্ষকদের ওপরে হামলার ঘটনায় সংঘর্ষ হয়েছে। এতে শিক্ষক হারুনুর রশিদ (৪০) ও হাবিবুর রহমান (৩০) আহত হয়েছেন।পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, পাঁচটি ফাঁকা গুলি বর্ষণ করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় দুজনকে আটক করা হয়েছে।