কক্সবাজারের পেকুয়ায় মা ও মেয়েকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতার বিরুদ্ধে মামলা হয়েছে।
গত শুক্রবার রাতে টৈটং ইউনিয়নের বটতলী মাদ্রাসাপাড়ার বাসিন্দা আহমদ ছবির স্ত্রী হাসিনা বেগম ওই মামলা করেন।
পুলিশ জানায়, মামলায় টৈটং ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক মো. শহিদুল্লাহ এবং উপজেলা যুবলীগের সদস্য ও টৈটং ইউপির সদস্য আবদুল জলিলকে আসামি করা হয়েছে।
মামলার বাদী হাসিনা বেগম বলেন, জায়গাজমি নিয়ে এক ব্যক্তির সঙ্গে তাঁদের বিরোধ চলছে। প্রতিপক্ষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে ১৭ জুন শহিদুল্লাহ ও আবদুল জলিল তাঁকে ও তাঁর মেয়ে রুবি আকতারকে রশি দিয়ে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করেন।
ওই সময় সন্ত্রাসীরা তাঁর বসতভিটা থেকে অন্তত ৩০টি গাছ কেটে নেয়। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
তবে মো. শহিদুল্লাহ বলেন, ‘আমরা বিরোধপূর্ণ ৩৫ শতক জমি মাপতে গিয়েছিলাম। সেখানে কাউকে বেঁধে নির্যাতন করিনি। আমরা ঘটনাস্থল ত্যাগ করার পর হাসিনা বেগমের স্বামী আহমদ ছবি নিজেই তাঁর স্ত্রী ও মেয়েকে গাছের সঙ্গে বেঁধে কয়েকটি ছবি তুলে প্রচার করেছেন।’
মো. শহিদুল্লাহ আরও বলেন, ‘আগামী ইউপি নির্বাচনকে ঘিরে এক প্রার্থী ষড়যন্ত্রে নেমেছেন। আমরা সেই ষড়যন্ত্রের শিকার।’
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রকিব মামলার সত্যতা নিশ্চিত করেছেন।