পেকুয়ায় ইউএনওর অপসারণ দাবিতে মানববন্ধন সমাবেশ
কক্সবাজারের পেকুয়া উপজেলায় একটি বাড়ি একটি খামার প্রকল্পের তালিকা তৈরিতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অপসারণ দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে।গতকাল মঙ্গলবার বেলা ১১টায় চৌমুহনী চত্বরে এক ঘণ্টার মানববন্ধন ও সমাবেশে করেন সচেতন নাগরিক পরিষদের ব্যানারে স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। বিভিন্ন পেশার মানুষ মানববন্ধনে অংশ নেয়। এ সময় ‘ঘুষখোর ও দুর্নীতিবাজ ইউএনওর অপসারণ চাই’, ‘দুর্নীতির মাধ্যমে প্রণীত একটি বাড়ি একটি খামার প্রকল্পের তালিকা বাতিল চাই’সহ বিভিন্ন দাবিসংবলিত ফেস্টুন বহন করা হয়।সমাবেশে ইউএনও নুর-ই খাজা আলামীনের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উত্থাপন করে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জহিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক আবুল কাশেম, মগনামা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ইউনুছ চৌধুরী, ব্যবসায়ী খলিলুর রহমান, নুরুল আজিম প্রমুখ।জহিরুল ইসলাম বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি বাড়ি একটি খামার প্রকল্পের তালিকা বাতিল করে নতুন তালিকা তৈরি করা না হলে ২৮ জুলাই সকাল ১০টায় ইউএনওর কার্যালয় ঘেরাও করা হবে।ইউএনও নুর-ই খাজা আলামীন বলেন, ‘অবৈধ আবদার না রাখায় স্থানীয় আওয়ামী লীগের ক্ষুব্ধ কয়েকজন নেতা-কর্মী আমার বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচিসহ নানা ষড়যন্ত্র শুরু করেছে। প্রকল্প তৈরিতে কোনো অনিয়ম ও দুর্নীতি করা হয়নি।’