পেকুয়ায় এসআইকে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল
কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মীর মোহাম্মদকে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজাখালী ইউনিয়নের সবুজ বাজার এলাকায় স্থানীয় লোকজন বিক্ষোভ মিছিল করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকালে জসিম উদ্দিন নামের এক যুবককে আটক করেন মীর মোহাম্মদ। এ নিয়ে সন্ধ্যায় সবুজ বাজারে তাঁর সঙ্গে স্থানীয় কয়েক ব্যক্তির কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বাজারে উপস্থিত লোকজন ও ব্যবসায়ীরা তাঁকে দোকানে অবরুদ্ধ করে রাখেন। এ সময় উপপরিদর্শককে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেন কয়েক শ লোক।
রাজাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার অভিযোগ করেন, মীর মোহাম্মদের আটক-বাণিজ্যে স্থানীয় লোকজন ফুঁসে উঠেছেন। এলাকার মানুষের মনোভাবের কথা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছিল।
তবে অভিযোগের বিষয়ে উপপরিদর্শক মীর মোহাম্মদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ওসি স্যারের নির্দেশে জসিম উদ্দিনকে আটক করি। ওই বিষয় নিয়ে কিছু দুষ্কৃতিকারী আমার সঙ্গে বাড়াবাড়ি করেছে। পরে তারা মিছিলও করেছে।’
পেকুয়া থানার ওসি আবদুর রকিব বলেন, কিছু লোক ইন্ধন দিয়ে মীর মোহাম্মদের বিরুদ্ধে মিছিল করিয়েছেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ থাকলে কর্তৃপক্ষকে বলতে হবে।