পেকুয়ায় খাওয়ার পানির সংকটকবলিত এলাকার লোকজন পেল গভীর নলকূপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়ায় বিশুদ্ধ পানির সংকট দূর করতে ১৫টি নলকূপ বিতরণ করা হয়েছে। গত ২৪ এপ্রিল পেকুয়া উপজেলার ১৫টি এলাকার মানুষের মধ্যে এসব নলকূপ বিতরণ করা হয়। এসব এলাকায় বর্তমানে খাওয়ার পানির তীব্র সংকট চলছে। নলকূপগুলো বসানো হলে এক–একটি নলকূপ থেকে অন্তত ২০-৩০টি পরিবার পানযোগ্য পানি পাবে। উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এসব এলাকার একজন প্রতিনিধির হাতে নলকূপের সরঞ্জাম তুলে দেওয়া হয়। এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নুরুজ্জামান, নারী ভাইস চেয়ারম্যান লুৎফা হায়দার ও উজানটিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান শাহ জামাল।
উপজেলা পরিষদ সূত্র জানায়, স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর বার্ষিক উন্নয়ন সহায়তা খাতের আওতায় ২০১৫-২০১৬ অর্থবছরে বিনা মূল্যে নলকূপ সরঞ্জামাদি বিতরণের এ প্রকল্প হাতে নেয়। এ প্রকল্পের আওতায় পেকুয়ার জন্য ৪ লাখ ৮৯ হাজার ৪৫৭ টাকা বরাদ্দ দেওয়া হয়। —চকরিয়া প্রতিনিধি