পেকুয়ায় গলায় গামছা পেঁচিয়ে হোমিও চিকিৎসক হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়া উপজেলার কবির আহমদ চৌধুরী বাজারে গামছা পেঁচিয়ে হোমিও চিকিৎসক হারাধন দাশকে (৬৫) হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সন্ধ্যা পর্যন্ত হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন সম্ভব হয়নি।পেকুয়া থানার ওসি (তদন্ত) নুরুল আমিন হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার আলামত অনুযায়ী সুকৌশলে নিজস্ব কোনো লোকই এ ঘটনা ঘটিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। এ ব্যাপারে তদন্ত চলছে। হোমিও চিকিৎসক হারাধন দাশের সহকারী লিটন দাশ বলেন, সোমবার রাত ১১টায় ফার্মেসি বন্ধ করে হারাধন পেছনের কক্ষে ঘুমিয়ে পড়েন। এরপর তিনি (লিটন) বাসায় চলে যান। গতকাল মঙ্গলবার সকাল সাতটায় খবর পেয়ে এসে দেখেন, গামছা প্যাঁচানো অবস্থায় তাঁর নিথর দেহ মাটিতে পড়ে রয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, হোমিও চিকিৎসক হারাধন দাশ বিশ্বস্ত লোক হওয়ায় বাজারের অনেক ব্যবসায়ী তাঁর কাছে টাকা জমা রাখতেন। হয়তো টাকার উদ্দেশ্যে দুর্বৃত্তরা রাতের কোনো একসময় রোগী সেজে ঢুকে তাঁকে হত্যা করেছে। ওই চিকিৎসকের গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নের ফকিরখিল গ্রামে। তিনি গত ১০ বছর ধরে পেকুয়া কবির আহমদ চৌধুরী বাজারে চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন।