পেকুয়ায় গ্যাস লাইন স্থাপনে ক্ষতিগ্রস্তদের মধ্যে চেক বিতরণ
কক্সবাজারের পেকুয়া উপজেলায় গ্যাসলাইন স্থাপনে ক্ষতিগ্রস্ত জমির মালিকদের গত বুধবার চেক বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পেট্রোবাংলার ব্যবস্থাপক মোস্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন। সভাপতিত্ব করেন ইউএনও মো. মারুফুর রশিদ খান। উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা প্রকৌশলী জাহেদুল ইসলাম, উজানটিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম চৌধুরী প্রমুখ।
পেট্রোবাংলার মোস্তফা কামাল ব্যবস্থাপক বলেন, গ্যাসলাইন স্থাপনের সময় গ্রামীণ অবকাঠামোর সড়ক ক্ষতিগ্রস্ত হলে উপজেলা পরিষদের মাধ্যমে প্রকল্পের বরাদ্দ থেকে সংস্কার করা হবে। কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেছেন, অধিগ্রহণ করা জমির খতিয়ান ও দলিল যাচাই-বাছাই করে প্রকৃত মালিককে ক্ষতিপূরণ দেওয়া হবে।
অনুষ্ঠানে পেকুয়া সদর ও বারবাকিয়া ইউনিয়নের ১৯ জন জমির মালিকের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয়।