পেকুয়ায় ছাত্র-শ্রমিকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়া উপজেলায় ছাত্র ও পরিবহনশ্রমিকদের মধ্যে কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৫ ব্যক্তি আহত হয়েছেন। এ সময় উপজেলা চেয়ারম্যানের গাড়িসহ কয়েকটি সরকারি কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। গতকাল বুধবার চৌমুহনী বাজারে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সকাল সাড়ে আটটার দিকে মগনামা-পেকুয়া-চকরিয়া সড়কে চলাচলকারী একটি বাস মগনামা ইউনিয়নের ফুলতলা স্টেশনে পৌঁছালে পেকুয়া শহীদ জিয়া ডিগ্রি কলেজের ১৫ জন কলেজছাত্র সেটিতে উঠে পড়ে। এ সময় বাসের চালক শাহ আলম একটি বাসে একসঙ্গে পাঁচজনের বেশি ছাত্র ওঠার নিয়ম নেই জানিয়ে পাঁচজন বাদে বাকি ছাত্রদের নেমে যেতে বলেন। এ নিয়ে ছাত্রদের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। সকাল নয়টার দিকে বাসটি চৌমুহনী বাজারে পৌঁছালে আগে থেকে অপেক্ষায় থাকা কলেজের শতাধিক ছাত্র ব্যারিকেড দিয়ে বাসটি থামিয়ে ভাঙচুর চালায়। তারা চালক শাহ আলমকে (৪০) নামিয়ে মারধর শুরু করে। শাহ আলম দৌড়ে একটি দোকানের ভেতর আশ্রয় নিলে ছাত্ররা সেখানে গিয়ে দ্বিতীয় দফা হামলা চালায়। এতে বাধা দিতে গেলে ছাত্ররা দোকানমালিকের ছেলে রুবেলকে মারধর করে। সকাল ১০টার দিকে ছাত্রদের হামলার প্রতিবাদে পরিবহনশ্রমিক ও চৌমুহনী বাজারের ব্যবসায়ীরা বিক্ষোভ করেন। একপর্যায়ে মোটরশ্রমিক ও কলেজছাত্রদের মধ্যে কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময় আতঙ্কে হুড়োহুড়ি করে পালাতে গিয়ে কমপক্ষে ১২ জন পথচারী আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে দুটি ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বেলা ১১টার দিকে একদল ছাত্র লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভ করে চৌমুহনী বাজারের দিকে অগ্রসর হতে চাইলে শ্রমিকেরা তাদের ধাওয়া করেন। এ সময় বিক্ষুব্ধ কিছু ছাত্র পাশের উপজেলা পরিষদের ভেতর প্রবেশ করে কৃষি অধিদপ্তরের গুদাম, পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যানের গাড়ি ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের অফিস সহকারীর মোটরসাইকেল ভাঙচুর করে। বেলা একটার দিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজসহ প্রশাসনের লোকজন গিয়ে ছাত্র-শিক্ষকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করেন। কলেজছাত্র সফি উল্লাহ ও আবুল মনজুর বলেন, বাসচালক কলেজছাত্রদের সঙ্গে খারাপ ব্যবহার করে তাদের গাড়ি থেকে নামিয়ে দেয়। তাই কলেজের অন্য ছাত্ররা ক্ষিপ্ত হয়ে এই ঘটনায় জড়িয়ে পড়ে। এ অভিযোগ অস্বীকার করে পেকুয়া বাসমালিক সমিতির সভাপতি মো. মালেক বলেন, প্রতি বাসে পাঁচজনের বেশি ছাত্র ওঠার নিয়ম নেই। অতিরিক্ত ছাত্র ওঠার প্রতিবাদ করায় ছাত্ররা এ ঘটনা ঘটিয়েছে। ইউএনও নুর-ই খাজা আলামীন বলেন, উপজেলা পরিষদের ভেতর হামলার ঘটনার তদন্তে কমিটি গঠন করা হয়েছে। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।