পেকুয়ায় ছাত্রলীগের কাউন্সিল হলো না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়া উপজেলার পেকুয়া সদর ইউনিয়ন ছাত্রলীগের কাউন্সিল অবশেষে হলো না।
গত শুক্রবার বিকেল পাঁচটায় পেকুয়া সমবায় কমিউনিটি সেন্টারে পেকুয়া সদর ইউনিয়ন ছাত্রলীগের নির্ধারিত কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর ওইদিন সন্ধ্যা সাতটায় দ্বিতীয় অধিবেশনে কাউন্সিল হওয়ার কথা ছিল।
পেকুয়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মো. ইমরান হোসাইন কাউন্সিল অধিবেশন স্থগিত হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে টাকার বিনিময়ে পকেট কমিটি দেওয়ার অভিযোগে ইউনিয়ন ছাত্রলীগের নেতা-কর্মীরা গত বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল করেছেন।
বিষয়টি ঊর্ধ্বতন নেতাদের দৃষ্টিগোচর হলে তাঁরা কাউন্সিল অধিবেশন স্থগিত করেন এবং পরে সবাইকে নিয়ে কাউন্সিল অধিবেশন করার নির্দেশ দেন।
পেকুয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি সালাহ উদ্দিন মাহমুদ বলেন, সবার সমন্বয়ে ঈদের পরে পেকুয়া সদর ইউনিয়ন ছাত্রলীগের কাউন্সিল করা হবে। তবে তিনিও টাকার বিনিময়ে কমিটি দেওয়ার কথা অস্বীকার করেন। শুক্রবার প্রথম আলোয় ‘ছাত্রলীগের বিক্ষোভ’ নামে একটি সংবাদ প্রকাশিত হয়।